বিদেশে বসে পাচারের টাকায় দেশে সন্ত্রাস চালানো হচ্ছে : ডেপুটি স্পিকার

রাজনীতির চেনা ছকে নির্বাচন শেষ হলেই সাধারণত কর্মী-সমর্থক আর পোলিং এজেন্টদের কথা খুব কমই স্মরণে রাখা হয়। বড় বড় পদধারী নেতাদের নিয়েই চলে জয়োৎসব কিংবা পরবর্তী সাংগঠনিক বৈঠক। সেই চিরচেনা ধারা ভেঙে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দলের ইউনিয়ন, ওয়ার্ড কিংবা গ্রাম কমিটির আগে তিনি আনুষ্ঠানিকভাবে বসলেন গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়া সেই সাধারণ পোলিং এজেন্টদের নিয়ে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে আয়োজিত ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা’ রূপ নেয় আবেগঘন এক মিলনমেলায়। কানায় কানায় পূর্ণ মিলনায়তনে ডায়াসে দাঁড়িয়ে ব্যারিস্টার কায়সার কামাল যখন কৃতজ্ঞতা, উন্নয়ন, ইনসাফ আর আগামীর বাংলাদেশের গল্প শোনাচ্ছিলেন, তখন বারবার উপস্থিত শত শত মানুষের করতালি ও সম্মতিসূচক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম।

অনুষ্ঠানের শুরুতেই দলের অনেক নেতার মনের জমে থাকা প্রশ্নের জবাব দেন ডেপুটি স্পিকার। ইউনিয়ন বা ওয়ার্ড কমিটির আগে কেন পোলিং এজেন্টদের নিয়ে এই আয়োজন- তা স্পষ্ট করে তিনি বলেন, “এজেন্ট একটি ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ প্রতিনিধি। গত নির্বাচনে আপনারা আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। যেকোনো গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় মাধ্যম নির্বাচন, আর সেই নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব থাকে রাজনৈতিক দলের এজেন্টদের ওপর। আপনারা যে সাহসিকতা, ধৈর্য ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, সেজন্যই মনে হয়েছে আপনাদের নিয়েই আমার সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বসা উচিত।”

শুধু ধন্যবাদ জানিয়েই দায়িত্ব শেষ করছেন না তিনি। ঘোষণা দিলেন- কলমাকান্দা ও দুর্গাপুরের আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ড, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনায় এই এজেন্টদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই এগোতে চান তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা বিএনপির প্রবীণ নেতা এম. এ. খায়ের। বক্তব্যের সূচনাতেই তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেন, শুধু বিএনপি নয়, কলমাকান্দা-দুর্গাপুর অঞ্চলের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে এম. এ. খায়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি দলের সঙ্গে যুক্ত আছেন। অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

উপস্থিত সাধারণ মানুষ ও কর্মীদের জন্য বড় চমক ছিল কর্মসংস্থান ও স্থানীয় উন্নয়ন নিয়ে ডেপুটি স্পিকারের সুস্পষ্ট অবস্থান। দেশের অর্থনীতির চালিকাশক্তি গার্মেন্টস শিল্পের গুরুত্ব তুলে ধরার ফাঁকেই তিনি ঘোষণা দেন- কলমাকান্দায় গার্মেন্টস কাজ শেখার জন্য একটি প্রশিক্ষণ স্কুল খুলতে যাচ্ছেন তারা। তার এই ঘোষণায় মুহূর্তেই উচ্ছ্বসিত করতালিতে ফেটে পড়ে মিলনায়তন।

একই সঙ্গে তিনি অত্যন্ত সাহসিকতা ও মানবিকতার সঙ্গে কথা বলেন কলমাকান্দা বাজারে চলমান উচ্ছেদ অভিযান নিয়ে। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা বাজারে ভাঙচুরের দৃশ্য দেখেছেন উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “যে মুষ্টিমেয় কয়েকজনের ঘর বা দোকান ভাঙা হয়েছে, তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু যে কাজটি করা হয়েছে, তা বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই করা হয়েছে।”

তিনি জানান, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে থাকায় যাদের আপাতত সরে যেতে হয়েছে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। উচ্ছেদ ঠেকাতে কেউ কেউ মামলা-মোকদ্দমা করলেও আদালত দেখেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। সবাইকে একটু ধৈর্য ধরার ও সহযোগিতার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগেই কথা দিয়েছিলাম কলমাকান্দা-দুর্গাপুরকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করব। সেই কথা এখনো রাখছি এবং আগামীতেও রাখব।”

স্থানীয় উন্নয়নের পাশাপাশি সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়েও কড়া ও স্পষ্ট বার্তা দেন ব্যারিস্টার কায়সার কামাল। একটি বিশেষ রাজনৈতিক দলের নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সমান অধিকারের গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু একটি দল কখনোই গণতন্ত্রের চর্চা করেনি; সুযোগ পেলেই বাকশাল, সন্ত্রাস আর ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে।

আবেগ ও ক্ষোভের সঙ্গে তিনি বলেন, আজ সেই দলের প্রধান নেত্রীসহ তার সন্তান, ভাই-ভাতিজা ও আত্মীয়স্বজন কেউ বাংলাদেশে নেই। অন্য একটি দেশের সাময়িক আশ্রয়ে বসে, দেশের লুটপাট ও বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও সহিংসতা চালানো হচ্ছে।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ টেনে ডেপুটি স্পিকার বলেন, “তাদের প্রতিশোধপরায়ণতা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। সুদূর লন্ডনে আমাদের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী নেতা নাহিদ ইসলামের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। নিউইয়র্কে প্রফেসর ড. ইউনূসের ওপর হামলা হয়েছে। এখন দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা মারা হচ্ছে। আঘাত করা হচ্ছে বাংলাদেশকে বাঁচিয়ে রাখা গার্মেন্টস শিল্পে। এগুলো স্পষ্টতই ‘অ্যাক্ট অব টেরোরিজম’।”

প্রায় ৮০ বছর বয়সী ওই নেত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “তিনি নিজেও জানেন বাংলাদেশে আর ফিরতে পারবেন না। দেড় মাসে ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে এক হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যা করার পরও আজ নাতির বয়সী তরুণদের দিয়ে আরেকজন বাংলাদেশির ওপর পেট্রোল বোমা মারাচ্ছেন। তার মনে কি একবারও মায়া আসে না?”

প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমাদের নেত্রী বলেছিলেন- সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আমৃত্যু তিনি দেশের এক ইঞ্চি মাটি ছেড়ে যাননি।”

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় পাওয়া নতুন বাংলাদেশ বিদেশ থেকে কেউ এসে গড়ে দিয়ে যাবে না উল্লেখ করে তিনি বলেন, “এই দেশ আমাদের, আমরাই গড়ে তুলব। এ দেশে প্রত্যেকের সমান হক আছে- কেউ আশরাফ আর কেউ আতরাফ নয়।” আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রুখে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর বৃহত্তর ঐক্যের ডাকে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ প্রান্তে এসে একজন জনপ্রতিনিধির চিরাচরিত গাম্ভীর্য ছেড়ে অত্যন্ত আন্তরিক ও বিনয়ী সুরে কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল। মানুষের জীবনে সুযোগ সব সময় আসে না উল্লেখ করে তিনি স্বীকার করেন, ব্যক্তিগতভাবে সবার সব আবদার হয়তো তিনি পূরণ করতে পারবেন না- সেজন্য সবার কাছে ক্ষমাও চেয়ে নেন। তবে শেষ বাক্যে তিনি যে স্বপ্ন এঁকে দেন, তা ছুঁয়ে যায় মিলনায়তনের প্রতিটি মানুষের হৃদয়- “আমি হয়তো ব্যক্তিগতভাবে অনেকের অনেক কিছু করতে পারব না। আপনার সন্তানের জন্য, আপনার ছোট ভাইয়ের জন্য নিরাপদ, সুন্দর ও মানবিক কলমাকান্দা গড়ে তুলব ইনশাআল্লাহ- যেখানে আমার হিন্দু, মুসলমান, গারো, হাজং সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করতে পারি।”

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন