নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে (১ থেকে ১৮ নভেম্বর) মোট ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ক্রেতারা এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের তথ্য প্রকাশ করে সংগঠনটি।

বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে কারখানাগুলোর উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে।

জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এসব কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী হিসাব করা হয়েছে।

সংগঠনটি জানায়, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন ঝুঁকির মুখে রয়েছে। ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।

জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্রেতারা ইতোমধ্যে তাদের নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, দেশের পোশাকশিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের প্রতিফলন এই ক্রয়াদেশ স্থানান্তর।

বিজিএমইএ মনে করছে, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের একটি অংশ মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সব ক্ষতিগ্রস্ত কারখানার তথ্য এই হিসাবের মধ্যে আসেনি।

এ ছাড়া জরিপে ক্ষয়ক্ষতি নিরূপণের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো চলমান রয়েছে। এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে পাওয়া হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, এই ক্ষতির প্রভাব শুধু তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়েছে। অন্য দেশে বিপুল পরিমাণ ক্রয়াদেশ চলে যাওয়ার ঘটনা এ সংকটেরই ইঙ্গিত দিচ্ছে।

সংগঠনটি আরও বলেছে, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট থেকে উত্তরণ প্রয়োজন। শিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বিজিএমইএ।

বিজ্ঞাপন

পড়ুন : চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন