খুলনায় জলবায়ু-সহনশীল যাত্রী ছাউনি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে কর্মশালা

খুলনা নগরীতে জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুইস রেড ক্রসের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট কুল সিটিজ (থ্রিসি)’ প্রকল্পের আওতায় ‘ছায়াবীথি ক্লাইমেট রেসপনসিভ যাত্রী ছাউনি’ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নগরবাসীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রী ছাউনিগুলো নির্মাণ করতে হবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে। শহরের অনেক স্কুল-কলেজের সামনে ছাউনি না থাকায় বর্ষা ও খরা মৌসুমে শিক্ষার্থীদের অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রেড ক্রিসেন্ট যেসব স্থানে ছাউনি নির্মাণ করতে পারবে না, সেসব স্থানে সিটি করপোরেশনের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের পর নগরীর বিভিন্ন স্থানে উন্মুক্ত জায়গা তৈরি হয়েছে। এসব জায়গার মধ্যে কোথায় কোথায় ছাউনি নির্মাণ করা সম্ভব, তা মাঠপর্যায়ে পরিদর্শনের মাধ্যমে নির্ধারণ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মশালায় খুলনা শহরের ক্রমবর্ধমান তাপমাত্রা, তীব্র তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং নগরবাসীর জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক গণপরিসরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল ও যাত্রীদের চলাচলের স্থানে জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা, প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

‘ছায়াবীথি’ উদ্যোগের মূল লক্ষ্য হলো পথচারী, গণপরিবহনের যাত্রী, প্রবীণ ব্যক্তি, নারী ও শিশুসহ তাপপ্রবাহের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব, নিরাপদ ও আরামদায়ক যাত্রী ছাউনি তৈরি করা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও সম্ভাব্য দুর্যোগের প্রভাব মোকাবিলায় এসব স্থাপনাকে সক্ষম করে তোলার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা খুলনা নগরীর বাস্তবতা, স্থানীয় জনগণের চাহিদা, উপযুক্ত স্থান নির্বাচন, অবকাঠামোর নকশা, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, হংকং রেড ক্রসের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জো লাম, ইন্টারন্যাশনাল রিলিফ অ্যান্ড সার্ভিস অফিসার উইন্ডি চং এবং প্রকল্প ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন।

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগে ‘ছায়াবীথি’ খুলনা নগরীতে জলবায়ু-সহনশীল নগরায়ণ, জনবান্ধব গণপরিসর সৃষ্টি এবং দুর্যোগঝুঁকি হ্রাসে কার্যকর ও টেকসই মডেল হিসেবে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : কলমাকান্দায় আগুনে পুড়ল ৭ দোকান, প্রায় কোটি টাকার ক্ষতির শঙ্কা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন