অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের কাছে হার মেনেছে আর্থিক অসচ্ছলতা। নানা প্রতিকূলতার মধ্যেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের মেধাবী শিক্ষার্থী কনা রানী। তাঁর বাবা গৌতম হাওলাদার। সীমিত সামর্থ্যের পরিবারের সন্তান হয়েও ভালো ফলাফলের মাধ্যমে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন কনা রানী।
তবে মেধা ও যোগ্যতা থাকলেও আর্থিক সংকট তাঁর স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং পরবর্তী পড়াশোনার খরচ কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি ও তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে কনা রানীর উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বরগুনা জেলা প্রশাসন।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল হাফিজের সার্বিক প্রচেষ্টায় এবং বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী কনা রানীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তা তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি ও উচ্চশিক্ষার পথচলায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।
কনা রানী বলেন, ‘আর্থিক সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছি। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক দুশ্চিন্তায় ছিলাম। জেলা প্রশাসক মহোদয় আমার পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। এই সহযোগিতা আমার স্বপ্নপূরণের পথে অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চাই এবং মানুষের পাশে দাঁড়াতে চাই।
এ সময় জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন ও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মেধার বিকাশ ও স্বপ্নপূরণের পথে জেলা প্রশাসন, বরগুনা সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে।
পড়ুন : কলমাকান্দায় আগুনে পুড়ল ৭ দোকান, প্রায় কোটি টাকার ক্ষতির শঙ্কা


