সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক

রাজধানীর প্রাণকেন্দ্র ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় মাদক কেনাবেচা এবং সেবনকারীদের দৌরাত্ম্য কিছুতেই থামানো যাচ্ছে না। শাহবাগ থানা পুলিশের নিয়মিত অভিযানে প্রতিদিন ১০ থেকে ২০ জন মাদকসেবী কিংবা খুচরা বিক্রেতা আটক হলেও, আড়ালে থেকে যাচ্ছে সিন্ডিকেটের মূল হোতারা।

অনুসন্ধানে জানা গেছে, উদ্যানে মাদকের নিয়মিত সরবরাহ ও একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে জামিনে বেরিয়ে এসে পুনরায় সক্রিয় হয়েছে একাধিক মাদক মামলায় অভিযুক্ত ‘নবী ও নিপা’ চক্র। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশের জেরে পেশাদার সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, প্রাণনাশের হুমকি এবং তথ্য চাওয়ায় স্থানীয় থানা পুলিশের অসহযোগিতার অভিযোগে এবার পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক মাদক সিন্ডিকেটের অন্যতম শীর্ষ ডিলার নবী, নিপা, পারুলী, হাসিনা, রেখা ও অনিকরা দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এর মধ্যে শীর্ষ কারবারি নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ৭ থেকে ৮টি মামলা রয়েছে। সম্প্রতি নবী ও তার সহযোগী নিপা জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় পুরোনো সাম্রাজ্য নিয়ন্ত্রণে নিয়েছে।

অভিযোগ রয়েছে, মাঠের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে নবী-নিপা চক্র কৌশলে তাদের প্রতিদ্বন্দ্বী ‘আনিকা চক্র’কে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। পথের কাঁটা সরিয়ে দিয়ে বর্তমানে উদ্যানের মাদক সিন্ডিকেটের মূল চাবিকাঠি এখন নবী ও নিপার হাতে। ঢাকার ভেতরে থাকা বড় বড় পাইকারি ডিপো থেকে বিপুল পরিমাণ গাঁজা ও মাদক সংগ্রহ করে তারা ভ্রাম্যমাণ খুচরা বিক্রেতাদের মাধ্যমে উদ্যানের আনাচে-কানাচে ছড়িয়ে দিচ্ছে।

গত ১৫ নভেম্বর (২০২৬) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দাখিল করা অভিযোগপত্রে এসব তথ্য তুলে ধরেন সেন্ট্রাল রিপোর্টার্স সোসাইটির (সিআরএস) প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক সোনালী কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো. মাহামুদুল কবির নয়ন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে তিনি গত ২৩ নভেম্বর ও ২৪ নভেম্বর ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং ডিএমপির রমনা বিভাগে দাপ্তরিকভাবে আবেদন করেন। অতীতে সংগৃহীত ভিডিও ফুটেজ ও তথ্যের ভিত্তিতে উদ্যানের নবী, পারুলী, হাসিনা, মালতি, আনিকা ও মেহেদিসহ অনেক মাদক কারবারি গ্রেফতার হয়েছিল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফও তার অনুসন্ধানী কাজের প্রশংসা করেছিলেন বলে অভিযোগে দাবি করা হয়। এর আগে মাদকের বিরুদ্ধে কাজ করতে গিয়ে ঝিনাইদহের চাকলাপাড়ায় হামলায় আহত হওয়ার ঘটনাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

নবী ও নিপা চক্র জামিনে বেরিয়ে এসে পুনরায় সক্রিয় হওয়ার পর প্রাণনাশের হুমকির মুখে গত ৪ জুন ২০২৬ তারিখে সরকারি জিআরএস (GRS) পোর্টালে এবং ৫ জুন ২০২৬ তারিখে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৭৮) করেন সাংবাদিক নয়ন। তবে দীর্ঘদিনেও তদন্তের অগ্রগতি বা নিরাপত্তা বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক নয়ন ও তার সহকর্মী মো. নাসিরুল হক উদ্যানের ভেতরে লালন চত্বর ও ফুল ক্যান্টিন/ছবির হাট এলাকায় মাদকের চালান হাতবদলের ভিডিও চিত্র ধারণ করতে যান। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে মুখোশধারী তিনজন সশস্ত্র সন্ত্রাসী তাদের গতিরোধ করে। সন্ত্রাসীরা সাংবাদিক নয়নের পেটের বাম পাশে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরনের গেঞ্জি ছিঁড়ে ফেলে। এ সময় তারা হুমকি দিয়ে বলে, “এরপর থেকে তোকে যেন আর এই উদ্যানের আশপাশে না দেখি। কোনো রকম নিউজ প্রকাশ করা হলে এরপর ট্রিগার চেপে দেব, পরিবারের সদস্যদেরও দেখে নেব। সহকর্মী নাসিরুল হক ঘটনাটি মোবাইলে ধারণ করতে গেলে তাকেও মারধর করে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় পরদিন ১৯ নভেম্বর ২০২৬ তারিখে শাহবাগ থানায় আরও একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৯৬) করা হয়।

অভিযান চললেও শীর্ষ ডিলাররা কেন ধরাছোঁয়ার বাইরে—এমন অনুসন্ধানে পুলিশেরই কিছু অসৎ সদস্যের মাধ্যমে অভিযানের আগাম তথ্য পাচারের অভিযোগ উঠেছে। পাশাপাশি স্থানীয় থানার শীর্ষ কর্মকর্তাদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে আইজিপির কাছে করা আবেদনে।

অভিযোগ অনুযায়ী, মাদক ব্যবসায়ী ‘আনিকা’-র গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি উত্তেজিত কণ্ঠে বলেন, “আরে আপনি তো না জেনেই কথা বলেন, আসামিকে আটক করেছি আপনি জেনে দেখেন”—অথচ সেদিন পর্যন্ত ওই আসামি আটক হননি, বরং কয়েকদিন পর গ্রেফতার হন। অন্যদিকে, আসামিদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) সাংবাদিক নয়নকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন এবং ফোনে ক্ষুব্ধ কণ্ঠে “আপনি থানায় আসেন, আসলেই জানতে পারবেন” বলে জানিয়ে দেন বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও ওসি ও ওসি (অপারেশন) কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎকার বা বক্তব্য দেননি।

উদ্যানের এই অপরাধমূলক পরিবেশে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ দর্শনার্থী ও শিক্ষার্থীরা। পরিবার নিয়ে ঘুরতে আসা বেসরকারি চাকরিজীবী কামরুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনে-দুপুরেও চারপাশ থেকে গাঁজার গন্ধ আসে। নেশাখোরদের যন্ত্রণায় পরিবার নিয়ে হাঁটার পরিবেশ নেই। পুলিশ আজ ধরে নিয়ে গেলে কালই আবার নতুন লোক এসে বসে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলা সুলতানা বলেন, “বিশ্ববিদ্যালয়ের পাশেই এমন অপরাধের অভয়ারণ্য আমাদের নিরাপত্তার জন্য হুমকি। মাদক স্পটগুলোকে কেন্দ্র করে ছিনতাই ও ভবঘুরেদের উপদ্রব বেড়েছে। প্রশাসনের সদিচ্ছা ও সমন্বয়হীনতার কারণেই সাধারণ মানুষকে হেনস্তা হতে হচ্ছে।”

উচ্ছেদ ও সমন্বয়হীনতার বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মিজানুর রহমান বলেন, “আমাদের মোবাইল টিম মাঝে মাঝেই উচ্ছেদ অভিযান চালায়। কিন্তু অভিযান শেষ হলেই ছিন্নমূল ও মাদকাসক্তরা আবার বসে যায়। ভবঘুরেদের আশ্রয়কেন্দ্রে পাঠাতে আমরা সমাজসেবা অধিদপ্তরে চিঠি দিয়েছি। আশা করছি অচিরেই সমন্বিত কার্যক্রম দৃশ্যমান হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : শেখ হাসিনা ফেরার গুঞ্জন : বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন