দীর্ঘ এক যুগ ধরে বয়লার অফিসে গড়ে তুলেছেন দুর্নীতির এক অপ্রতিরোধ্য সাম্রাজ্য। প্রশ্ন ফাঁস, জাল কাগজপত্রে বয়লার নিবন্ধন, শতকোটি টাকার অবৈধ সম্পদ—কী নেই বয়লার পরিদর্শক প্রধান মান্নানের আমলনামায়! এমনকি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলার ২৩ নম্বর আসামি হয়েও তিনি বহাল তবিয়তে রয়েছেন নিজ চেয়ারে। এসব ভয়াবহ দুর্নীতির তথ্য-প্রমাণ নিয়ে তার বক্তব্য জানতে গেলে নাগরিক টিভির রিপোর্টার মিরাজ মিজু ও ক্যামেরাম্যান রাহুলের ওপর চালানো হয় পরিকল্পিত ‘মব’ হামলা। ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ চালানো হয় প্রাণনাশক আক্রমণ।
দৃশ্যটি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দপ্তরকে কীভাবে ব্যক্তিগত লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছে, তারই তথ্য-প্রমাণ হাতে নিয়ে রোববার দুপুরে সেখানে উপস্থিত হয় নাগরিক টিভি। কিন্তু দুর্নীতির প্রশ্নের মুখোমুখি না হয়ে, দপ্তরের প্রধান মান্নানের ইন্ধনে তৈরি করা হয় পরিকল্পিত ‘মব’। উপ প্রধান পরিদর্শক প্রকৌশলী মো. ফজলে রাব্বির নেতৃত্বে নাগরিক টিভির রিপোর্টার মিরাজ মিজু ও ক্যামেরাম্যান রাহুলের ওপর চালানো হয় প্রাণঘাতী হামলা।
ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা। ক্যামেরা ভেঙ্গে তার ভেতরে থাকা মেমোরি কার্ডও তারা কুক্ষিগত করে রাখে। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশও তা উদ্ধার করতে পারেনি। মারধরের ঘটনা ধামাচাপা দিতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট করে দেওয়া হয়। পরবর্তীতে হার্ডডিস্ক জব্দ করে নিয়ে গেছে পুলিশ।
কেন এই মব সন্ত্রাস? কী লুকাতে চান মান্নান? নাগরিক টিভির অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। অভিযোগ রয়েছে, মিরপুরের ‘বাংলাদেশ ট্রেনিং একাডেমি’র নেপথ্য মালিক মান্নান নিজেই। গত ১৬ অক্টোবর বয়লার অপারেটর পরীক্ষার আগের রাতে ৬৫ জন পরীক্ষার্থীকে নিয়ে প্রশ্ন ফাঁস করা হয়। আর ১৭ অক্টোবর পরীক্ষা শুরুর ৫ ঘণ্টা আগেই ২৪৫ জন পরীক্ষার্থীকে ৩০ থেকে ৫০ হাজার টাকার চুক্তিতে ঢোকানো হয় হলরুমে।
শুধু তাই নয়, ২০২৪-২৬ অর্থবছরে অনুমোদিত ১৫৩টি বয়লারের মধ্যে ৭০টিরই ছিল না কোনো বৈধ কাগজপত্র। জালিয়াতির সীমা ছাড়িয়ে নারায়ণগঞ্জের ‘কে সি অ্যাপারেলস’ এবং ‘নিট কনসার্ন লিমিটেড’—এই দুটি ভিন্ন প্রতিষ্ঠানের বয়লারে একই নির্মাতা নম্বর (১১১৮৮৫) বসিয়ে অনুমোদন দিয়েছেন তিনি।
দুর্নীতির টাকায় গড়েছেন সম্পদের পাহাড়। দুদকে দাখিলকৃত তথ্যে তার প্রায় ১৫০ কোটি টাকার সম্পদের ফিরিস্তি মিলেছে। মিরপুর ডিওএইচএস-এ প্রায় ৪ কোটি টাকায় কেনা ২২০০ স্কয়ার ফিটের দুটি বিলাসবহুল ফ্ল্যাটের দাম সরকারি নথিতে দেখিয়েছেন মাত্র ৭৬ লাখ টাকা। মন্ত্রণালয়ের তদন্তেই প্রমাণিত হয়েছে ‘টেকনোকিয়ার’ নামে তার নিজস্ব কোম্পানির তথ্য। এছাড়া ‘জাওকুরা নছরুল উলুম সিদ্দিকিয়া ফাউন্ডেশন’-এর আড়ালেও চলে অবৈধ অর্থ লেনদেন।
অবাক করার বিষয় হলো, মন্ত্রণালয়ে দায়ের হওয়া ৫টি অভিযোগের মধ্যে ২টি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, ১টি তদন্তাধীন। দুদক উপ-পরিচালক আহসান কবির পলাশের তদন্তও চলমান। এমনকি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলার (বাদী: তাহমিনা খাতুন) ২৩ নম্বর আসামি এই মান্নান। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারকে প্রত্যক্ষভাবে অর্থের যোগানও দিয়েছিলেন তিনি।
প্রশ্ন উঠেছে, এত কিছুর পরও কীভাবে একই চেয়ারে বসে আছেন মান্নান? তবে কি মন্ত্রণালয় ও সচিবালয়ের অসাধু কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেই টিকে আছেন তিনি? বয়লার অফিসে ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, ইঞ্জিনিয়ার মাহফুজ এবং লিগ্যাল অ্যাডভাইজর পরিচয়দানকারী অ্যাডভোকেট সেতুর রহস্যজনক উপস্থিতিও জন্ম দিয়েছে নানা প্রশ্নের।
দুর্নীতির তথ্য আড়াল করতে মব সৃষ্টি করে সাংবাদিকদের ওপর এই প্রাণঘাতী হামলা প্রমাণ করে, বয়লার অফিসে অনিয়মের শিকড় কতটা গভীরে। এদিকে এ ব্যাপারে শিল্প মন্ত্রনালয়ের সচিব আব্দুল নাসের খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। নাগরিক টিভির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে, তিনি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।
পড়ুন : শেখ হাসিনা ফেরার গুঞ্জন : বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার


