বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এবং চাঁদপুর ইউনিটের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী (২১ ও ২২ নভেম্বর) নিরাপদ প্রবেশাধিকার (সেফার অ্যাকসেস) বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ২২ নভেম্বর (রবিবার) বিকেল ৪টায় চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মুহাম্মদ মুনির চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যেকোনো দুর্যোগ কিংবা সংকটময় পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা পৌঁছে দিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুরসহ দেশের বিভিন্ন দুর্যোগে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সম্মুখসারিতে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন, যা প্রশংসনীয়। রেড ক্রিসেন্টের মৌলিক নীতি—মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা ও স্বাধীনতা যথাযথভাবে অনুসরণ করতে পারলে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনার ঝুঁকিও অনেকাংশে কমে আসে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর ইউনিটের নবাগত সেক্রেটারি ফয়সাল আহমদ বাহার বলেন, চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করা হবে। আজকের প্রশিক্ষণে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা যে জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, তা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সেবামূলক কাজে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট এবং যুব রেড ক্রিসেন্ট মানুষের পাশে থাকবে। সারাদেশের মধ্যে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটকে একটি আদর্শ ও মডেল মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের নবাগত কার্যকরী কমিটির সদস্য সোহেল রুশদী বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবিক সংগঠন। মানবকল্যাণ, সমাজ উন্নয়ন এবং দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। চাঁদপুরে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্টের সদস্যদের মাঠপর্যায়ের মানবিক কর্মকাণ্ড গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের নবাগত কার্যনির্বাহী সদস্য ও সাবেক যুব প্রধান সাংবাদিক রিয়াজুর রহমান রানা তাঁর বক্তব্যে বলেন, যুব রেড ক্রিসেন্ট হচ্ছে রেড ক্রিসেন্ট আন্দোলনের অন্যতম শক্তিশালী চালিকাশক্তি। মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা, নেতৃত্বের বিকাশ এবং দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষ করে তোলার ক্ষেত্রে যুব রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন যুব সদস্যের পরিচয় শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হওয়ায় সীমাবদ্ধ নয়; বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাই তাঁদের প্রকৃত দায়িত্ব।
তিনি আরও বলেন, যুব রেড ক্রিসেন্টের প্রতিটি সদস্যকে রেড ক্রিসেন্ট এর সাতটি মূলনীতি ১।মানবতা, ২।পক্ষপাতহীনতা ৩।নিরপেক্ষতা ৪। স্বাধীনতা ৫। স্বেচ্ছামূলক সেবা ৬। একতা ৭। সর্বজনীনতা এই চেতনাকে ধারণ করে কাজ করতে হবে। দুর্যোগের সময় উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, ত্রাণ বিতরণ, জনসচেতনতা সৃষ্টি এবং বিপদগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত সমন্বয় অত্যন্ত জরুরি। এ জন্য নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যুব সদস্যদের আরও দক্ষ করে তুলতে হবে।
সাবেক এই যুব প্রধান বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রবীণ ও নবীন সদস্যদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। নতুন প্রজন্মের স্বেচ্ছাসেবকদের নেতৃত্বের সুযোগ দিতে হবে এবং তাঁদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে হবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নবাগত নেতৃত্বের হাত ধরে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট আরও সুসংগঠিত, গতিশীল ও জনকল্যাণমুখী হয়ে উঠবে। যুব রেড ক্রিসেন্টের প্রতিটি সদস্য যেন মানবতার সেবায় নিজেকে নিবেদিত রাখেন, সেই আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ডা. জওহর লাল আচার্য এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলমগীর আলম জুয়েল।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্ট্র্যাটেজিক বিভাগের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন এবং সেফার অ্যাকসেস প্রশিক্ষক অভিষেক চৌধুরী। প্রশিক্ষণে প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় জনগণের আস্থা অর্জন, মানবিক সহায়তা কার্যক্রমে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং রেড ক্রিসেন্টের মৌলিক নীতি অনুসরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে সেরা তিনজনকে অতিথিরা পুরস্কার প্রদান করেন। এ ছাড়া চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মো. নোবেল উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন উপলক্ষে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিটের নবাগত নেতৃবৃন্দ, কার্যকরী কমিটির সদস্য, প্রশিক্ষক ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ কলাগাছ কর্তন, ১০ লাখ টাকার ক্ষতি


