সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, রিমান্ডে ২ আসামি

নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ী মো. জামাল উদ্দিনকে (৫৪) গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেফতার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে মো. পিয়াসুল ইসলাম হৃদয় পুষ্পার (২৪) তিন দিন এবং আবদুল্লাহ আল বাপ্পির (২৪) এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মইজুল ইসলাম ইমন দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে নোয়াখালীর ১ নম্বর আমলি আদালতের (সোনাইমুড়ী) বিচারিক হাকিম আতিক উল্লাহ এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ নভেম্বর রাতে সোনাইমুড়ী উপজেলার মহিতখোলা ও ঘোষকামতা গ্রামে পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার পিয়াসুল ইসলাম হৃদয় পুষ্পা উপজেলার দেওটি ইউনিয়নের মহিতখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে। অপর আসামি আবদুল্লাহ আল বাপ্পি নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বোয়ালকামতা এলাকার বটগাছতলা নামক স্থানে সালাহ উদ্দিনের দোকানে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন ব্যবসায়ী জামাল উদ্দিন। এ সময় মুখোশ পরা এক ব্যক্তি পিস্তল বের করে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণ বাঁচাতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে গুলিটি তাঁর ডান পায়ের মাংস ভেদ করে বেরিয়ে যায়। পরে দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে বাইরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় থাকা আরেক মুখোশধারী তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এতে তিনি দোকানের টেবিলের নিচে পড়ে যান।

তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি।

চিকিৎসা শেষে ২৮ অক্টোবর জামাল উদ্দিন সোনাইমুড়ী থানায় এজাহার দায়ের করেন। মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে গুলির ঘটনায় পুষ্পা ও বাপ্পির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পাশাপাশি জামাল উদ্দিনের চাচাতো ভাই সৌদিপ্রবাসী শাহজাহান (৩০) ও তাঁর পরিবারের সদস্যদের পরিকল্পনা, অর্থায়ন ও সমন্বয়ে এ ঘটনা ঘটেছে বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে দুই আসামি গ্রেফতারের পর তাঁদের সহযোগীরা মামলা তুলে নিতে জামাল উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং লাশ গুমের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, স্থানীয় বিভিন্ন বিষয়, সামাজিক কর্মকাণ্ড এবং পারিবারিক ও ব্যবসায়িক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এসব বিরোধের কারণে এর আগেও তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হয়েছে। তাঁর দাবি, পূর্ববিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলা করার পর পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে তাঁদের সহযোগীরা এখন মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। মামলা প্রত্যাহার না করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে হত্যাসহ লাশ গুমের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মইজুল ইসলাম ইমন বলেন, এ ঘটনায় পরিকল্পনাকারী, ইন্ধনদাতা কিংবা পরোক্ষভাবে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভুক্তভোগী জামাল উদ্দিনের নিরাপত্তার বিষয়টিও পুলিশ দেখছে।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন