পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব মালিকপক্ষের, বেতন কত?

তৈরি পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা শেষ করে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সাংবাদিকদের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচারিত মালিকপক্ষের প্রস্তাব ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকা উল্লেখ করা হলে তিনি বলেন, এ অঙ্ক একেবারেই অবাস্তব।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের চলমান তৃতীয় সভার মাঝে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা। ব্রিফিংয়ে বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকেল প্রায় চারটা পর্যন্ত সভার কার্যক্রম চলে। বোর্ডের সব সদস্য সভায় উপস্থিত ছিলেন। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা তাদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেছেন। তবে সভার আলোচনা তখনো শেষ হয়নি।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজকের সভায় মালিকপক্ষ লিখিতভাবে তাদের প্রস্তাব দিয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে। মালিকপক্ষের প্রস্তাব নিয়ে এখন আলোচনা চলছে। পাশাপাশি ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে বোর্ড যে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, সেগুলোও সভায় উপস্থাপন করা হয়েছে।

মালিকপক্ষের প্রস্তাবের পরিমাণ প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক জানানো হবে না। বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার চূড়ান্তভাবে যে মজুরি নির্ধারণ করবে, তা বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের। তাই কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হোক, তা তারা চান না। আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে প্রস্তাব প্রকাশ না করার বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিভিন্ন অঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি বা বক্তব্য দেবে, সেটিই গ্রহণ করতে হবে। কেউ ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কোনো তথ্য দিলে সেটি বোর্ডের সরকারি বক্তব্য হিসেবে বিবেচিত হবে না।

শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মজুরি নির্ধারণের কাজ চলছে উল্লেখ করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। বাংলাদেশের অন্য কোনো রপ্তানিমুখী খাতে এত বিপুলসংখ্যক মানুষ কাজ করেন না। তাই শ্রমিকদের স্বার্থের পাশাপাশি দেশের বাস্তবতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। শ্রম আইন অনুযায়ী যেসব বিষয় বিবেচনা করার কথা, সেগুলো নিয়েই আলোচনা ও বিশ্লেষণ চলছে। অবাস্তব কোনো সিদ্ধান্ত নিতে চায় না বোর্ড।

শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধানের কারণে আলোচনা স্থগিত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা শেষ না হলে সিদ্ধান্ত জানানোর সুযোগ নেই। শ্রমিকপক্ষের দাবিগুলো বিভিন্ন মাধ্যমে আগেই প্রকাশিত হয়েছে। মজুরি বোর্ড গঠনের আগে ও পরে বিভিন্ন শ্রমিক সংগঠন স্মারকলিপি দিয়েছে। সেদিনও শ্রমিকনেত্রী নাজমা আক্তারের নেতৃত্বে একটি দল বোর্ডের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে মালিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দিয়েছে আজকের সভায়। সেটি নিয়েই আলোচনা চলছে।

শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি পাবেন কি না, জানতে চাইলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ন্যায্যতা একমাত্র দিতে পারেন মহান রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা। বোর্ড তথ্য-উপাত্ত ও নিজেদের সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করছে। ব্যক্তিগতভাবে তিনি এবং বোর্ডের অন্য সদস্যরা শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করছেন। চেয়ারম্যান হিসেবে তার আইনি ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে বিষয়গুলো সমন্বয়ের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

মজুরি বোর্ডের কাজ দ্রুত শেষ করার বিষয়ে চেয়ারম্যান বলেন, বোর্ডের আইনগত মেয়াদ ছয় মাস, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। তবে তারা যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চান। নিয়ম অনুযায়ী সাত দিন পরপর সভা করার কথা থাকলেও শ্রমিকদের স্বার্থ এবং রাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বল্প সময়ের ব্যবধানে পরবর্তী সভাগুলো করার চেষ্টা চলছে। প্রয়োজনে আগামীকালও সভা হতে পারে।

এদিকে বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও ভাঙচুরের বিষয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, তা তারা অস্বীকার করছেন না। তবে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি যৌক্তিক ও বৈধ উপায়ে জানাচ্ছেন। রাস্তাঘাটে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা কোনো ন্যায্য দাবিদার শ্রমিকের কাজ হতে পারে না বলে তিনি মনে করেন।

চেয়ারম্যান আরও বলেন, শ্রমিকদের দাবি ও অধিকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শ্রমিকদের স্বার্থ, শিল্পের বাস্তবতা এবং রাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি সুপারিশ করাই বোর্ডের লক্ষ্য।

সভা শেষে মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার পরই বোর্ডের সিদ্ধান্ত জানানো সম্ভব হবে। প্রয়োজনে পরবর্তী সভা মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন