অনলাইন ট্রেডিং অ্যাপের মাধ্যমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণা চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল্লাহ সরকার (৩৯)। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা। গত ২১ নভেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২২ নভেম্বর তাকে নারায়ণগঞ্জে পিবিআই কার্যালয়ে আনা হয়। একই দিন আদালতে হাজির করা হলে আদালত তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণা চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। মামলার বাদী মো. নুর কামাল আজাদ (৪৮) নারায়ণগঞ্জের টানবাজার এলাকার একজন ব্যবসায়ী।
অভিযোগে বলা হয়, গত ২ মে এক ব্যক্তি নিজেকে আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসার সঙ্গে জড়িত পরিচয় দিয়ে বাদীর সঙ্গে যোগাযোগ করেন। পরে অনলাইনে বিনিয়োগ করে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে https://geminigoo.replit.app নামের একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে বলেন। প্রথমে ১০ হাজার টাকা বিনিয়োগের পর অ্যাকাউন্টে লাভ দেখানো হলে বাদী প্রতারকদের প্রতি আস্থা অর্জন করেন।
পরবর্তীতে গত ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা বিনিয়োগ করেন তিনি। কিন্তু প্রতিশ্রুত মুনাফা ও মূলধন ফেরত না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন। এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
পিবিআই জানায়, প্রতারক চক্রটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ও ভাইবারের মাধ্যমে সহজ-সরল মানুষকে টার্গেট করত। অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পর তা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করে Binance ও Pocket Option অ্যাপ ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হতো। পরে দেশ-বিদেশে থাকা সহযোগীদের কাছে এসব অর্থ পাঠানোর তথ্য পেয়েছে তদন্তকারীরা।
পিবিআইয়ের দাবি, গ্রেপ্তার আব্দুল্লাহ সরকারকে জিজ্ঞাসাবাদে প্রতারণা চক্রের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রটির সদস্যরা বিভিন্ন চ্যাটিং ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে দেশ-বিদেশের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা আদালতে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতারক চক্রের মূল হোতা ও অন্য সক্রিয় সদস্যদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ, বিপিএম।
পড়ুন : নারায়ণগঞ্জে দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা


