পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে মজুরি বোর্ডের সভায় সেই প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। সেই প্রস্তাব নিয়ে মালিকপক্ষ ও মজুরি বোর্ডের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে। যেকোনো সময় যৌক্তিক বেতন প্রস্তাব ঘোষণা করা হবে বলে জানা গেছে।
মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। গত সপ্তাহে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি সেসময় পেছানো হয়েছিল। অবশেষে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় এই সভা বেলা বারোটায় শুরু হয়। মঙ্গলবার চতুর্থসভায় জানানো হয়, ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিক পক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বিপরীতে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতেই অনড় রয়েছে। তবে আলোচনার মধ্য দিয়ে ভালো কিছু হতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
জানা গেছে, পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নে এই সভার আয়োজন করা হয়। আজকের আলোচ্যসূচিতে দুটি প্রধান বিষয় নির্ধারিত ছিল—প্রথমত, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে পর্যালোচনা এবং দ্বিতীয়ত, সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন।
পোশাক শ্রমিকদের কবে, কত মজুরি ছিল?
বাংলাদেশে আশির দশকে বিকাশ লাভ করা তৈরি পোশাক শিল্প নব্বইয়ের দশকের শুরুতে এসে প্রধান রপ্তানি খাত হয়ে ওঠে। তখন এ খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ছিল ৬২৭ টাকা।
এরপর ১৯৯৪ সালে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য প্রথম মজুরি বোর্ড গঠন করা হয়। এই বোর্ডে ন্যূনতম মজুরি বাড়িয়ে ৯৩০ টাকা নির্ধারণ করা হয়।
এরপর প্রায় একযুগ পর ২০০৬ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৬৬২ টাকা ৫০ পয়সা করা হয়।
চার বছর পরে ২০১০ সালে সর্বনিম্ন গ্রেডের মজুরি বাড়িয়ে তিন হাজার, ২০১৩ সালে পাঁচ হাজার তিনশো টাকা এবং ২০১৮ সালে আট হাজার টাকা নির্ধারণ করা হয়।
সবশেষ ২০২৩ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়।
এভাবে তিন দশকের বেশি সময়ে পোশাক খাতের সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৬২৭ টাকা থেকে বেড়ে সাড়ে ১২ হাজার টাকায় পৌঁছেছে।
পড়ুন : মালিকপক্ষের প্রস্তাব ন্যূনতম মজুরি ১৫ হাজার ৮০০ টাকা, শ্রমিকদের দাবি ২২ হাজার


