জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে আবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।
বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দরকে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে বিবেচনার অনুরোধ জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে আবেদন করেছেন এই নেতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে একটি আবেদনপত্র লিখে জামালপুরবাসীর পক্ষ থেকে এ অনুরোধ করে নিজের ফেসবুকে আবেদনের কপিটি পোষ্ট করেন তিনি। আবেদনে স্বাক্ষরকারী হিসেবে নিজের পরিচয় উল্লেখ করেন মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, শেখ মুজিবুর রহমানের আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকারের ধারক হিসেবে শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
আবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার আলোকে বাংলাদেশের সীমান্তবর্তী স্থলবন্দরগুলো পর্যবেক্ষণের বিষয়টি জামালপুরবাসীর দৃষ্টিগোচর হয়েছে। এ প্রেক্ষাপটে জামালপুর জেলার ধানুয়া কামালপুর স্থলবন্দরকে একটি সম্ভাব্য প্রবেশপথ হিসেবে বিবেচনার জন্য আবেদন জানানো হচ্ছে।
আবেদনে ধানুয়া কামালপুর স্থলবন্দরকে ঘিরে জামালপুরের মানুষের আবেগ, ভালোবাসা ও ঐতিহাসিক স্মৃতির বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি শেখ হাসিনার এমন একটি আগমন জামালপুরের মানুষের জন্য বিশেষ স্মরণীয় উপলক্ষ হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।
আবেদনের শেষাংশে আবেদনটিকে কোনো ব্যক্তিগত প্রত্যাশা নয় বরং জামালপুরের মাটি, মানুষ, ইতিহাস ও আবেগের পক্ষ থেকে আন্তরিক নিবেদন হিসেবে উল্লেখ করেন ছানু। একই সঙ্গে শেখ হাসিনার সদয় বিবেচনা ও সুদৃষ্টি কামনা করেন আত্মগোপনে থাকা এই নেতা।
তার এই ফেইসবুক পোষ্টের পরে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। বিভিন্ন রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। এর আগেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সরব থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ৫ আগষ্টের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল করেন তার নেতৃত্বে। এ নিয়ে কয়েকটি মামলায় তাকে আসামীও করা হয়।
এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটা চিঠি তাঁরা দেখেছেন। তবে ওই চিঠির সত্যতা এখন পর্যন্ত নিরুপন করতে পারেনি পুলিশ। জামালপুর জেলা পুলিশ প্রতিনিয়ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করছে। জামালপুর জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে যেকোন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।
পড়ুন : ফ্যামিলি কার্ড দেওয়ার নামে ৫ হাজার টাকা আদায়, আটক ৩


