গলায় পুষ্প মাল্য, হাতে সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়ি করে বাড়ি ফিরলেন তিনি। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের শেষ কর্ম দিবসে এভাবেই বাড়ি ফিরে গেলেন শিক্ষক বিপ্লব সরকার।
একজন নিষ্ঠাবান শিক্ষকের পুরস্কার হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকার,কে এই সম্মাননা জানানো হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে রাজকীয়ভাবে তার এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তার এ বিদায়ের সময় বিদ্যালয়ে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:প্র:) সালমা ইসলাম।
সহকারি শিক্ষক প্রজীব কুমার বড়ুয়া,র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক সদস্য মো: সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো: শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার,পৌরসভা বিএনপি নেতা মো: লোকমান,সাংবাদিক নেতৃবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি,দিল আফরোজ রিতা,সেলিম মাহমুদ, শরীফ জাহান,মাহবুবুর রশীদ,কান্তা তেওয়ারি, রিমি বড়ুয়া,মোছাম্মৎ মাওয়া,রাজীব চৌধুরী, মোহাম্মদ রফিকসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকার দীর্ঘ ৩৩ বছরের কর্মময় জীবনের উপর আলোচনা করেন অতিথিরা এবং শিক্ষার্থী-অভিভাবকরা।এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষকও সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে সবার কাছে দোয়া চান।
একজন শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের এমন ব্যতিক্রমী বিদায় ছুঁয়ে যায় উপস্থিত সবার হৃদয়।
পরে বিদায়ী শিক্ষক তার অনুভূতি ব্যক্ত করেন উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন।
পড়ুন : হস্তশিল্পে স্বনির্ভরতার স্বপ্ন: নেত্রকোনায় ৩০ নারীর নতুন পথচলা


