২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলি কেড়ে নিয়েছিল একটি চোখের আলো। ক্ষতিগ্রস্ত হয়েছিল অন্য চোখটিও। সত্তর পেরোনো জীবনে সেই বাকি দৃষ্টিটুকু বাঁচিয়ে রাখার লড়াই চলছিল নিয়মিত। সেই চিকিৎসার তাগিদেই সোমবার ময়মনসিংহে গিয়েছিলেন নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও চকপাড়া গ্রামের গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আব্দুল বারেক। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ফিরছিলেন আপন ঠিকানায়। কিন্তু বাড়ির কাছাকাছি এসে মাত্র ২০ টাকার পৌরসভার টোল নিয়ে সৃষ্ট বিবাদে অসহায় চালককে রক্ষা করতে গিয়ে নিজেই নিভে গেলেন চিরতরে।
এ ঘটনার পরপরই অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনে ফেরার পথে চানগাঁও ইউনিয়নের চানগাঁও গ্রামের মড়লবাড়ির সামনে কেন্দুয়া-মদন সড়কে অটোরিকশাটি থামান পৌরসভার টোল ইজারাদারের প্রতিনিধি আতিকুল ইসলাম। সেখানে নির্ধারিত ২০ টাকা টোল পরিশোধের জন্য অটোরিকশাচালক রায়হানের কাছে খুচরা টাকা না থাকায় তিনি এক হাজার টাকার একটি নোট দেন। অভিযোগ উঠেছে, আতিকুল বাকি টাকা ফেরত দিতে গড়িমসি শুরু করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে চালককে মারধর করতে থাকেন আতিকুল।
অটোরিকশার ভেতরে বসে থাকা প্রবীণ জুলাইযোদ্ধা আব্দুল বারেক এই অন্যায় মেনে নিতে পারেননি। চালককে রক্ষা করতে গাড়ি থেকে নেমে এগিয়ে যান তিনি। কিন্তু তার মানবিক হস্তক্ষেপই কাল হয়ে দাঁড়ায়। অভিযোগ অনুযায়ী, উত্তেজিত আতিকুল তখন বারেককেও বেধড়ক মারধর শুরু করেন। কিল-ঘুষির আঘাতে ভারসাম্য হারিয়ে সড়কের পাশের ড্রেনে পড়ে গুরুতর আহত হন সত্তর বছর বয়সী এই বৃদ্ধ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একজন প্রবীণ নাগরিক ও জুলাইযোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় তীব্র ক্ষোভের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়মও সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ভেতরে যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নেওয়া হলেও নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে পৌর এলাকার বাইরের বিভিন্ন সড়কে গাড়ি আটকে টোল আদায় করা হচ্ছে। চানগাঁও গ্রামের মড়লবাড়ির সামনের ঘটনাস্থলটিও ছিল সেই অনিয়মেরই অংশ, যেখানে প্রাণ দিতে হলো আব্দুল বারেককে।
এ ঘটনায় গতকাল সোমবার রাতেই নিহত আব্দুল বারেকের নাতি মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা করেছেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- পৌরশহরের বাড়িভাদেরা গ্রামের আতিকুল ইসলাম (১৯) ও মো. রায়হান মিয়া (৩৫) এবং উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার আলী উসমান ওরফে আরাধন (৪২) ও রিপন মিয়া (৪২)।
আসামিদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় নিয়েও এলাকায় চলছে ব্যাপক আলোচনা। মামলার অন্যতম আসামি মো. রায়হান মিয়া পৌরসভার টোল আদায়ের ইজারাদার। পাশাপাশি তিনি পৌর ওলামা দলের সভাপতি এবং মদন উপজেলা প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক। অপর আসামি আলী উসমান স্থানীয় জোবাইদা রহমান মহিলা কলেজের অফিস সহকারী ও মদন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া রিপন মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলায় প্রেসক্লাবের দুই নেতার নাম আসায় এ বিষয়ে কথা বলেন মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল। তিনি বলেন, রায়হান প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক হলেও বর্তমানে কোন গণমাধ্যমে কাজ করছেন, তা তার মনে নেই। আর সাংগঠনিক সম্পাদক আলী উসমান নিয়মিত লেখেন কি না তা জানা নেই, তবে মাঝে মাঝে পত্রিকায় লেখেন আবার লেখেনও না। ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনার সময় আতিকুল ছাড়া অন্য তিনজন ঘটনাস্থলে ছিলেন না। তবু কেন তাদের আসামি করা হলো জানি না। তবে তদন্ত করে প্রকৃত দোষীকে সাজা দেওয়া হোক। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।’
এদিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম আজ (মঙ্গলবার) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল বারেক হত্যাকাণ্ডের ঘটনায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার আতিকুল ইসলামকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : হস্তশিল্পে স্বনির্ভরতার স্বপ্ন: নেত্রকোনায় ৩০ নারীর নতুন পথচলা


