চার দফা দাবিতে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের মানববন্ধন, ১ ডিসেম্বর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

‎স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ, যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধসহ চার দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পরিবহন শ্রমিকরা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ১ ডিসেম্বর থেকে স্বেচ্ছায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন এলাকায় সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট্ট-২৬২২) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎সংগঠনের সাধারণ সম্পাদক নূর উদ্দিন মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ফয়জুর নূর, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন কালা। এ সময় শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দসহ দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে পণ্য পরিবহনশিল্প বর্তমানে সংকটের মুখে পড়েছে। যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহনের কারণে পণ্যবাহী যানবাহনের মালিকরা ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন। ফলে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। পাশাপাশি মহাসড়কে ধীরগতির ও অনুমোদনহীন যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে।
‎
‎তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশে এসব সমস্যা ও দাবি তুলে ধরা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
‎
‎শ্রমিক ইউনিয়নের চার দফা দাবি হলো—অনতিবিলম্বে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ, সব ধরনের যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধ, বালু-পাথরের কোয়ারিগুলোতে সনাতন পদ্ধতিতে উত্তোলনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক, অনুমোদনবিহীন করিমন, নসিমন, ভটভটিসহ সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা।
‎
‎মানববন্ধন শেষে শ্রমিক ইউনিয়নের নেতারা জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমানের কাছে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় ১ ডিসেম্বর থেকে পণ্য পরিবহন শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবেন বলে উল্লেখ করা হয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের পরিস্থিতির অবনতি ঘটলে এর দায়ভার শ্রমিক ইউনিয়ন বহন করবে না বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

‎পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন