গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে র্যালি,আলোচনা সভা ও ঝুড়িতে বল নিক্ষেপ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে টিক্কার বাজার ইউনিয়ন পরিষদ মাঠে এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)’ প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও সুইডেন সরকারের অর্থায়নে ১৬ দিনব্যাপী (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) কর্মসূচির অংশ হিসেবে ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের প্রকল্পে অংশগ্রহণকারীরা এতে অংশ নেন।
এবারের প্রতিপাদ্য ছিল— “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান”।
সকালে দিবসটি উপলক্ষে চর এলাকার কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সচেতনতামূলক প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাঠ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।এসময় নারী সদস্য ও কিশোরীদের মনবল বৃদ্ধিতে ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টিক্কার বাজার ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী মন্ডল।
নারীদলের সভাপ্রধান শাহিনুর বেগমের সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফুলছড়ি থানার নারী শিশু, বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেক্স ইনচার্জ সহকারী পুলিশ পরিদর্শক মোছাঃরোজিনা বেগম।
এছাড়াও চন্দনস্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান,সি এইচসিপি আরিফা আক্তার এবং নারীদলের সদস্য আন্না বেগম, আয়মনা বেগম, জাহানারা বেগম, ফুলেরা বেগম ও অজিবা বেগম,কিশোরী দলের সদস্য লামিয়া আক্তার, সিএইচসিপি আরিফা আক্তারসহ স্থানীয় নারী ও কিশোর-কিশোরীরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে নারী ও কন্যাশিশুর প্রতি পারিবারিক ও ডিজিটাল সহিংসতা বন্ধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ এবং বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান। এছাড়া যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহিংসতা প্রতিরোধের আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে উপস্থিত নারী সদস্যদের অংশগ্রহণে ‘ঝুড়িতে বল নিক্ষেপ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পড়ুন : মেহেরপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১


