জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের ফৌজদারি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহযোগিতা বাড়াতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রদর্শনীতে ২৯টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে গরু, মহিষ, ভেড়া, ছাগল, বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতরসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হচ্ছে।
পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ


