চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় শীর্ষ সন্ত্রাসী রায়হানের অবস্থানের তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপারদের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
গত ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ছিল অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ বিভিন্ন উপকরণ। পুলিশের প্রাথমিক ধারণা, ওই এলাকায় রায়হান ও তার সহযোগীরা অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অন্যত্র সরে যায়।
একই দিন সন্ধ্যায় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় রায়হান ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। ঘটনার পর রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা।
এরপর রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেন।
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৫ নভেম্বর ভূজপুর থানাধীন কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদ (২০) নামে আরেক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে তথ্যের ভিত্তিতে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মহররম আলী (২৮) নামে আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, রায়হান আত্মগোপনে থাকার সময় ওই অস্ত্র ও গুলি মহররম আলীর কাছে রেখে যায়।
এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে (৬৫)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও সেটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার ছয়জন হলেন— মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।
পুলিশের উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, পিস্তলের দুটি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড গুলি ও কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : শ্রীপুরে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর


