দেখা হলো না জীবিত অবস্থায়, কারাফটকেই সন্তানের নিথর দেহ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী শর্মী

মায়ের সান্নিধ্য আর একবার পাওয়ার অপেক্ষা ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্যের। কিন্তু জীবিত অবস্থায় সেই অপেক্ষার অবসান হয়নি।শেষ পর্যন্ত সন্তানের নিথর দেহ কারা ফটকে নিয়ে যাওয়ার পর দেখার সুযোগ পেলেন কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মী।

পারিবারিক সূত্রে জানা যায়,গত কয়েক সপ্তাহ ধরে একটাই আকুতি ছিল কারাবন্দি মায়ের চোখে ও কণ্ঠে,বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটির কী হবে? নিয়মিত ওষুধ, একটু খানি আগলে রাখা, মায়ের স্নেহের পরশ,সবকিছুর জন্যই ছিল সেই অসহায় আর্তি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মায়ের সাথে জীবিত থাকা অবস্থায় আর দেখা হলো না ১৫ বছর বয়সী নিসর্গ হোসেন তূর্যের। জীবিত সন্তানের বদলে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে নিয়ে আসা হলো তার নিথর মরদেহ।

​ঘটনার শুরু প্রায় দুই মাস আগে। গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগ এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে (৪৪) গ্রেফতার করে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারের পর যখন তাকে আদালতে তোলা হয়, তখন আইনি লড়াইয়ের চেয়েও বড় হয়ে উঠেছিল তার মাতৃত্বের উদ্বেগ।

আদালত প্রাঙ্গণে বারবার অশ্রুসজল কণ্ঠে তিনি বলছিলেন, তার বড় ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন। তাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয় এবং বাবা-মা ছাড়া তার দেখাশোনার মতো কেউ নেই। সেদিন আদালতে শর্মীর সেই আকুতি ও কান্নার ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নাড়া দিয়েছিল অনেককেই। মানবিক দিক বিবেচনায় তার মুক্তির দাবিও উঠেছিল বিভিন্ন মহলে। কিন্তু শেষ পর্যন্ত আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​মা কারাগারে,এই শূন্যতা আর অসুস্থতা নিয়েই দিন কাটছিল কিশোর তূর্যের। পারিবারিক সূত্রে জানা যায়, তূর্য শারীরিক ভাবে অসুস্থ ছিল। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শৌচাগারে যায় তূর্য। বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। একপর্যায়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তারা দেখতে পান, শৌচাগারের মেঝেতে নিথর পড়ে আছে নিসর্গ হোসেন তূর্য। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

​পারিবারিক সূত্রে আরো জানা যায়,খবরটি কারাগারে পৌঁছালে ভেঙ্গে পড়েন বন্দি মা শারমিন সুলতানা শর্মী। যে সন্তানকে আগলে রাখার দুশ্চিন্তায় তিনি কারাগারের ভেতরে দিন গুনছিলেন, সেই সন্তানই চিরবিদায় নিয়েছে এই বাস্তবতা মেনে নেওয়া ছিল তার জন্য অসম্ভব কঠিন।

​সন্তানের মৃত্যুর পর শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য মায়ের প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। কিন্তু প্যারোলে মুক্তি না মেলায় স্বজনরা সিদ্ধান্ত নেন, মরদেহটিই নিয়ে যাবেন কারাগারে।পরিবারের পক্ষ থেকে মৃত সন্তানকে মাকে শেষ বারের মতো দেখানোর আবেদন করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ তাতে সম্মতি দেন।

​শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপুসহ স্বজনরা ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে ছেলের মরদেহ নিয়ে আসেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় মহিলা কারাগারের মূল ফটকে। নির্ধারিত নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে কারা ফটকে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স। সেখানেই শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ পান কারাবন্দি মা।

কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল জানান, স্বজনদের আকুতি এবং মানবিক দিক বিবেচনা করে কারা কর্তৃপক্ষ কারাবন্দির সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ করে দেয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলামও নিশ্চিত করেন যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় এই ব্যবস্থা করা হয়েছিল।

তূর্যের নানী কহিনুর বেগম কান্না জরিত কন্ঠে বলেন, আমার তূর্য নাই।মাকে দেখতে আসলো কারাগারে লাশ হয়ে। এই মঙ্গলবারে আসার কথা ছিল,গ্যাঞ্জামের এত দিন জন্য আসতে পারে নাই।

কারা ফটকে তূর্যের মরদেহ নিয়ে আসা অ্যাম্বুলেন্সটি পৌঁছালে, কারা ফটকের সেই মুহূর্তটি ছিল ভাষাহীন ও বেদনা বিধুর। একদিকে লোহার বেরিকেট ও কারাগারের কঠোর বাস্তবতা, অন্যদিকে চিরঘুমে শায়িত প্রিয় সন্তান। মা-সন্তানের এই শেষ সাক্ষাতের দৃশ্য দেখে উপস্থিত স্বজনদের পাশাপাশি দায়িত্বরত অনেকের চোখও ভিজে ওঠে। কারাগার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

​তুর্যের খালা শাম্মী বলেন,এই রাষ্ট্র আমাদের বিচার দিলোনা। প্যারালে মুক্তি চেয়েও আমার বোনের মুক্তি মেলেনি। কর্তৃপক্ষ বলছে রাষ্ট্রের নিরাপত্তা ব্যাহত হবে। আমার বোনের ছেলেটা জন্মের পর থেকেই শারিরীক সমস্যা। সে নিজে কোন কিছু করতে পারতনা। তার ১০ টি অপারেশন হয়েছে নিজে হাতে তুলে খেতে পারতো না।

তিনি আরো বলেন,আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এর জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমার বোন ২০২২ সালে রাজনীতি ছেড়েছে। সে কোন রাজনীতির সাথে জড়িতনা। তার আরও একটি সন্তান রয়েছে তার অবস্থাও ভালোনা।রেশারেশির কারণে এই ঘটনা ঘঠিয়েছে। আ.লীগ
করলেই আপনি এই রাষ্ট্রের কাছে সন্ত্রাসী।

শেষ দেখা পর্ব শেষে দাফনের উদ্দেশ্যে তূর্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং মরদেহ নিয়ে কারাগার এলাকা ত্যাগ করেন স্বজনরা। আর বন্দি মাকে নির্ধারিত প্রক্রিয়া শেষে পুনরায় ফিরিয়ে নেওয়া হয় কারাগারের ভেতরে এক বুক অপূর্ণতা ও চিরদিনের শূন্যতা নিয়ে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন