জামালপুরে রেল লাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইন ক্ষতিগ্রস্ত করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত রেললাইন মেরামত করেন। ধারণা করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে এ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চেয়েছিল। তবে সেটি সফল হয়নি।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত


