মেহেরপুরের গাংনীতে মাদকের টাকা না পেয়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়া ও বাড়ির আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে ১৮ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আহসান হাবিব ওই গ্রামের ফয়েজ আলীর ছেলে।
পরিবারের অভিযোগ, আহসান হাবিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন এবং তাঁদের মারধর করেন।
অভিযুক্তের বাবা ফয়েজ আলী জানান, রোববার সকালে তাঁর ছেলে মাদকের জন্য টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেন। ছেলের এমন আচরণে তিনি, তাঁর স্ত্রী ও মেয়ে দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছেন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক


