সুন্দরবনে পৃথক বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ‘আসাবুর বাহিনীর’ প্রধান আসাবুর সানাকে (৪৫) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ডাকাতদের কবল থেকে অপহৃত এক জেলেকে জীবিত উদ্ধারসহ দুটি নৌকা ও বিপুল পরিমাণ রসদ জব্দ করা হয়।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় মুক্তিপণের দাবিতে এক জেলেকে জিম্মি করে রেখেছে আসাবুর বাহিনী।
এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে জিম্মি থাকা জেলেকে জীবিত উদ্ধার এবং ১টি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গহিন বনে পালিয়ে যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ নভেম্বর) রাত ১টার দিকে দাকোপের মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর সময় বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করে কোস্ট গার্ড। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ২টি দেশীয় ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসাবুর সানা খুলনার দাকোপ থানার বাসিন্দা।
কোস্ট গার্ড আরও জানায়, কুখ্যাত এই ডাকাত সর্দারকে এর আগে ২০২৪ সালের ১২ নভেম্বর কোস্ট গার্ড আটক করে থানায় হস্তান্তর করেছিল। কিন্তু জামিনে মুক্তি পেয়ে সে পুনরায় সুন্দরবনে ডাকাতি শুরু করে।
অন্যদিকে, গত শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকি নিয়মিত টহল পরিচালনাকালে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক কাঠের নৌকায় তল্লাশি চালায়। এ সময় ডাকাতদের ব্যবহৃত রসদসহ নৌকাটি জব্দ করা হয়। তবে কাউকে পাওয়া না যাওয়ায় ওই দলের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকৃত নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ রিফাত জানান, উদ্ধারকৃত জেলেকে ইতোমধ্যে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সবার সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পড়ুন : ব্যাংকিং সেবা সহজ করতে দিনাজপুরে ‘সীমান্ত কেয়ার’-এর উদ্বোধন


