পরীক্ষার আগেই হাতে হাতে প্রশ্ন-উত্তর, দুর্গাপুরে গণিত পরীক্ষা স্থগিত

রবিবার সকাল ১০টা। ঘড়ির কাঁটা তখন বার্ষিক পরীক্ষার ঘণ্টা বাজার অপেক্ষায়। নেত্রকোনার দুর্গাপুরের ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল (এমকেসিএম) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের ওই সময় পরীক্ষার হলে বসে গণিতের জটিল সমীকরণ মেলানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে পরীক্ষার খাতায় কলম চলল না; বরং সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছড়িয়ে পড়ল অস্বস্তি, উদ্বেগ আর প্রশ্নফাঁসের গুঞ্জন। শেষ পর্যন্ত পরীক্ষা শুরুর আগেই তা স্থগিত করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন।

ঐতিহ্যবাহী একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে পরীক্ষা শুরুর আগেই বাইরে চলে গেল- রবিবার (২৯ নভেম্বর) সকালের এ ঘটনা দুর্গাপুরের শিক্ষাঙ্গন ও অভিভাবক মহলে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।

ঘটনার ভয়াবহতা কেবল প্রশ্নপত্র ফাঁসের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সাংবাদিকদের হাতে আসা কাগজপত্রে দেখা গেছে, ফাঁস হওয়া গণিত প্রশ্নপত্রের পাশাপাশি সেগুলোর উত্তরপত্রও আগেই তৈরি করে রাখা হয়েছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্ন ও তার সমাধান প্রস্তুত থাকার বিষয়টি বিদ্যালয়ের সার্বিক পরীক্ষা ব্যবস্থাপনা এবং প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষার প্রক্রিয়াকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একটি সরকারি বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার নিরাপত্তা এতটা ভঙ্গুর হতে পারে, তা মেনে নিতে পারছেন না সচেতন অভিভাবকেরা।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম এবং নবম শ্রেণির গণিত শিক্ষক রহিমের বিরুদ্ধে। তবে অভিযোগের বিষয়ে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে জানতে প্রধান শিক্ষিকা রহিমা বেগমের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করা হলে তাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে ফোনে কথা বলতে রাজি হননি। অভিযুক্তদের এমন নীরবতা ও যোগাযোগ এড়িয়ে চলার বিষয়টি জনমনে সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।

পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের তথ্য পেয়ে দ্রুত বিদ্যালয়ে ছুটে যান দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা তাৎক্ষণিকভাবে ওই দিনের গণিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেন।

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী জানান, প্রশ্নফাঁসের কারণে ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, পরীক্ষা বাতিল করে প্রধান শিক্ষিকার কাছে জবাব চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্থগিত হওয়া গণিত পরীক্ষাটি আগামী শনিবার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। যাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নৈতিকতা ও মেধার মূল্যায়ন হওয়ার কথা, সেই প্রতিষ্ঠানেই এমন অনিয়মের অভিযোগে হতাশ অনেকেই।

অভিভাবকদের দাবি- সরকারি এই বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কীভাবে বাইরে এল, এর সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে পরীক্ষার আগেই উত্তরপত্র তৈরি হলো, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে শিক্ষার পরিবেশ ও ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন