জামালপুরের মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক ফকির (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (দুপুরে) উপজেলার কয়ড়া উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর আকস্মিক মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ফারুক ফকির কয়ড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং মরহুম সেকান্দর ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ফারুক ফকির নিজের জমিতে সেচের পানি দেওয়ার জন্য সেচপাম্প চালাতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, উপজেলার কয়ড়া এলাকায় ফারুক ফকির নামে এক কৃষক সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি।
কৃষিকাজে সেচের পানি দিতে গিয়ে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পড়ুন : আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ


