২৫/০২/২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রয়োজনে কাশ্মির নিয়ে আরও ১০টি যুদ্ধ করবে পাকিস্তান: পাকিস্তানের সেনাপ্রধান

ভারত-অধিকৃত কাশ্মির ভূখণ্ড নিয়ে আরও ১০টি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেছেন, ‘কাশ্মির নিয়ে ৩টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করবে পাকিস্তান।’

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আজাদ কাশ্মিরের মুজাফফরাবাদের প্রবীণ ও নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সেনাপ্রধান আশ্বাস দেন, জাতির সামনে ক্ষণস্থায়ী নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় মদদপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে কাশ্মিরি ভাইদের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে থাকবে।

জেনারেল আসিম মুনির বলেন, ‘পাকিস্তান ইতোমধ্যে কাশ্মিরের জন্য তিনটি যুদ্ধ করেছে এবং যদি আরও ১০টি যুদ্ধের প্রয়োজন হয় তবে পাকিস্তান সেই লড়াই করবে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার প্রযুক্তিকে ভয় পাবে না।’

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘কাশ্মির হচ্ছে পাকিস্তানের শিরাগুলোর প্রধান শিরা। এই শিরা কেটে গেলে মৃত্যু ঘটে। কাশ্মির আমাদের জীবন। কোনও সন্দেহ নেই— কাশ্মির একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে। পাকিস্তানই কাশ্মিরের জনগণের ভাগ্য।’

আসিম মুনির বলেন, ‘ভারতীয় নৃশংসতা এবং ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী চরমপন্থা শুধুমাত্র কাশ্মিরি জনগণের আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে তাদের সংকল্পকে শক্তিশালী করেছে। পাকিস্তান উন্নতির পথে রয়েছে, যারা বলছে দেশটি খেলাপি হবে তারা মিথ্যা বলছে। মাত্র এক বছরে অর্থনৈতিক অগ্রগতি দিয়ে পাকিস্তান এমনকি আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) এবং বিশ্বব্যাংককেও অবাক করে দিয়েছে।’

জেনারেল আসিম মুনির বলেন, ‘পাকিস্তান বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের অধিকারী। পাকিস্তানের ৭ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ ছাড়াও ৪৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বিশাল প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক রয়েছে। এমন মূল্যবান প্রাকৃতিক সম্পদ আছে এমন কোনও দেশ কখনোই খেলাপি হতে পারে না।’

তিনি বলেন, তিনি তার কর্মজীবনের কিছু অংশ আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) নীলম উপত্যকা, চাকোথি এবং পান্ডুর মতো মনোরম অঞ্চলে কাটিয়েছেন। তিনি আজাদ কাশ্মিরের পর্যটন প্রচারে তার গভীর আগ্রহও প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘পাকিস্তানিদের উচিত তাদের বিনিয়োগ এই অঞ্চলে নিয়ে আসা, যেখানে স্থানীয়রা পর্যটন খাতে সেবা প্রদান করতে পারে এবং জীবিকা নির্বাহ করতে পারে। তিনি জানান, সরকার স্টারলিংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে এবং শিগগিরই দ্রুততম ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।’

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুটি দেশ পাকিস্তান ও ভারত বিতর্কিত কাশ্মিরের পুরোটাই দাবি করলেও উভয়েই এর কিছু অংশ শাসন করে থাকে। তারা এই হিমালয় অঞ্চল নিয়ে তিনটি যুদ্ধের মধ্যে দু’টিতে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে।

এনএ/

দেখুন: জ্বীনের দল ছিনিয়ে নিয়েছে গর্ভে থাকা সন্তান, দাবি মায়ের!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন