“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়েজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোঃ নাজমুল হুদা বিশ্বাস। প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিচর্যার মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে মানসম্মত মাংস, দুধ ও ডিম বিদেশে রপ্তানি করার অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্যে প্রান্তিক খামারিদেরকে আরও সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় গাংনী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক মো:আব্দুল আউয়াল বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি মোঃ মুকবল হোসেন মেঘলা, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরশাদ আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রান্তিক খামারি, উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : সৈয়দপুরে আদালতের রায় পাওয়া জমিতে গিয়ে হামলার অভিযোগ, আহত ৫


