ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ দিয়েছেন।
তেলআবিবে বাসে বিস্ফোরণের ঘটনার পর গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তিনি এ নির্দেশ দেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক্সে পোস্ট করা হয়, যেখানে বিস্ফোরণের ঘটনাকে ‘গণহামলার চেষ্টা’ বলা হয়েছে। এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে পশ্চিম তীরে সন্ত্রাসবাদের আস্তানাগুলোতে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করবে। ইতোমধ্যে নির্দিষ্ট কিছু এলাকায় প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। তবে কোথায় তা নির্দিষ্ট করে বলা হয়নি।
সেনাবাহিনী দাবি করেছে, তারা পশ্চিম তীরে একটি বৃহৎ পরিসরে সামরিক অভিযান পরিচালনা করছে এবং জঙ্গিদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।
এসব অভিযানে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করছে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ইসরায়েলি বাহিনী সেখান থেকেও লোকদের ধরে নিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ইসরায়েলের তেলআবিবে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে, যা ইসরায়েলি পুলিশ ‘সন্দেহভাজন সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনার পর ইসরায়েলে আতঙ্ক বিরাজ করছে এবং হাজারো মানুষ নিরাপদ স্থানে চলে গেছে।

পুলিশ আরও দুটি বাসে বিস্ফোরক ডিভাইস খুঁজে পেয়েছে এবং সেগুলো বিস্ফোরিত হওয়ার আগেই উদ্ধার করেছে।
বাত ইয়াম ও হলনে তিনটি বাসে বিস্ফোরণ ঘটে, তবে বাসগুলি খালি ছিল বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পুলিশের বড় ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের খোঁজ করছে।
পরিবহনমন্ত্রী মিরি রেগেভ দেশের সব বাস, ট্রেন এবং হালকা রেল ট্রেন চলাচল বন্ধ করেছেন, যাতে পরিবহনগুলোতে বিস্ফোরক ডিভাইসের খোঁজ করা যায়।
এনএ/


