কিশোরগঞ্জে বিএনপির এক নেতাকে বাসাবাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের গৌরাঙ্গবাজারে অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মনিরুল ইসলাম শামীম। তিনি জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
মনিরুল ইসলাম শামীম অভিযোগ করে বলেন, চক্রটি জেলা শহরের নগুয়া শ্যামলী রোড এলাকার বাসাটিতে হামলা ও ভাঙচুর চালায় এবং ভাড়াটিয়াকে বাসাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। এতেও ক্ষান্ত না হয়ে চক্রটি তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো শুরু করেছে।
তিনি বলেন, পাঁচ শতাংশ জায়গার উপর একতলা বাসাসহ জায়গার মালিকের কাছ থেকে ২০১১ সালের ২৭শে ডিসেম্বর সাফ কাওলা দলিলের মাধ্যমে কিনেছেন। ব্যবসার কাজে চট্টগ্রামে অবস্থান করায় বাসাটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন। কিন্তু গত কয়েকবছর ধরে স্থানীয় একটি চক্র তার কাছে মোটা অংকের চাঁদা দাবিসহ তার বাসাটি বেদখল করার পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে গত ৫ই মার্চ তার বাসাটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাসার সিসি ক্যামেরা, নেমপ্লেট ভেঙ্গে ফেলে ও ভাড়াটিয়াকে মারধর করে। তারা ভাড়াটিয়াকে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। এছাড়া তারা ভাড়াটিয়ার মোবাইল থেকে তাকে কল করে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় তিনি গত ১২ই মার্চ কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর থেকে চক্রটি তার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। বিএনপির নেতা হওয়ায় তিনি বাসাটি দখল করে নিয়েছেন, এমন মিথ্যা অভিযোগও তার বিরুদ্ধে করা হচ্ছে। এ রকম পরিস্থিতিতে তিনি এসবের প্রতিকার দাবি করেছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

