মেহেরপুর হাইস্কুল মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মেহেরপুরের ব্যবসায়ীরা। শনিবার দুপুর ২টার দিকে শহরের বড়বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে তারা এই বিক্ষোভ সমাবেশ করে। এসময় শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
বিক্ষোভ চলাকালে মেহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মেলা বন্ধের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, জেলা প্রশাসকের ছত্রছায়ায় হাইস্কুল মাঠে মেলার নামে সার্কাস, হাউজি, জুয়া ও লটারির আয়োজন করা হচ্ছে। তারা আরও বলেন, জেলা প্রশাসক তার এলআর ফান্ডে ৫ লক্ষ টাকা নজরানা নিয়ে এই মেলার অনুমোদন দিয়েছেন।
স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থী মহল এ উদ্যোগে ক্ষুব্ধ। অভিভাবক সামসুল আলম বলেন, আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। অথচ হাইস্কুল মাঠে মেলা বসিয়ে প্রশাসন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে।

জানা যায়, প্রথমে মেলার স্থান নির্ধারিত ছিল মেহেরপুরে স্টেডিয়াম। কিন্তু ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংস্থার সদস্যদের প্রতিবাদের মুখে তা পরিবর্তন করে হাইস্কুল মাঠে স্থানান্তর করা হয়।
ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, বাজারে এমনিতেই মন্দা চলছে। তার উপর মেলার নামে বিশৃঙ্খলা তৈরি হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে। ব্যবসায়ী সমাজ এই মেলা চায় না।
এছাড়া শুক্রবার মেলার খোঁজ নিতে গেলে কয়েকজন ব্যবসায়ীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রিপন ও বাকাবিল্লাহ লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে জেলা প্রশাসক সিফাত মেহেনাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, মেলা বিরোধী প্রতিবাদের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মেহারাব হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কর্মী হুমকি ও লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পড়ুন: মেহেরপুরে যুবলীগ নেতাকে সারারাত নির্যাতন, সকালে মৃত্যু
দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার |
ইম/


