বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিন ম্যাচে আনায় ঈদুল আজহার আগেই দেশে ফিরতে পারবে ক্রিকেটাররা।
বুধবার (২১ মে) এক বিবৃতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে পিসিবি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। পরবর্তী দু’দিন অনুশীলন ক্যাম্প করবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজটি গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় রোমাঞ্চকর হবে বলে আশাবাদী পিসিবি।
আগের সূচি অনুযায়ী, সিরিজ হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের। যা দুটির ভেন্যু ছিল ফয়সালাবাদে। তবে পরিবর্তিত সূচিতে সবগুলো ম্যাচই হবে লাহোরে। সংযুক্ত আরব আমিরাতে ১৭ এবং ১৯ মে দুটি ম্যাচ খেলে পাকিস্তানের উদ্দেশে উড়াল দেয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত-পাকিস্তান সংঘাত পরিস্থিতির কারণে সেটা আর সম্ভব হয়নি। পিএসএলের পরিবর্তিত সূচির কারণে পাকিস্তান সিরিজের সূচি পেছাতে হয়েছে।
পাকিস্তান সিরিজের সূচি পেছানোয় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি টি-টোয়েন্টি বাড়িয়ে নেয় বিসিবি। তবে পাকিস্তানের ক্রিকেটাররা যাবে কি না তা নিয়ে সংশয় ছিল বেশ। সূত্রের খবর, একজন ছাড়া নাকি কেউই পাকিস্তান যেতে আপত্তি জানাননি। তবে তারাও একটি শর্ত রেখেছেন।
আগামী মাসের শুরুতেই ঈদুল আজহা। ক্রিকেটাররা চাইছেন তার আগে দেশে ফিরতে। পাকিস্তানের দেয়া পরিবর্তিত সূচিতে ৫ জুন শেষ হওয়ার কথা সিরিজ। কিন্তু ৬ জুন সকালে ইসলামাবাদ থেকে ঢাকায় কোনো ফ্লাইট নেই। তাই বোর্ডের কাছে ক্রিকেটাররা দাবি করেন বিশেষ বিমানের। আর সেটা না হলে সিরিজের সূচিতে পরিবর্তন আনার। খেলোয়াড়দের দাবি আমলে নিয়ে পিসিবিকে প্রস্তাব দেয় বিসিবি। আর সেই প্রস্তাবের ভিত্তিতেই এবার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে পিসিবি।


