ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। চলতি মাসে এটি চতুর্থবারের মতো হামলা।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২২ মে) ভোরে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
হামলার সময় সতর্কতামূলক বিমান হামলার সাইরেন বাজানো হয়।
ইসরায়েলি বাহিনী হামলার বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও, তারা জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।
এর আগে, ১৫ ও ১৯ মে ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েল। তবে, ৪ মে তেল আবিবের বাইরে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়, যার ফলে দুই ইসরায়েলি সেনা নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয় এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের পরিষেবা বাতিল করে।
সম্প্রতি, লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হুথি বিদ্রোহীরা। তবে, ইসরায়েলের ওপর তাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
এনএ/


