“নিয়মিত ভূমি উন্নয়নের জন্য কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ভূমি মেলা।
রবিবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার সূচনা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে হাসপাতাল বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ভূমি মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়, যেখানে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। পাশাপাশি মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন বিষয়ে অবহিতকরণ কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকেরা জানান, এ ধরনের মেলা সাধারণ মানুষকে ভূমি বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও অনলাইন সেবার প্রয়োজনীয়তা সম্পর্কেও জনগণকে উৎসাহিত করা হয়।
দিনব্যাপী এই মেলায় জনসাধারণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মেলায় আগত অনেকেই সন্তোষ প্রকাশ করেন এ ধরনের উদ্যোগের জন্য এবং জানান, তারা ভূমি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানের সহজ উপায় জানতে পেরেছেন।
গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন ভূমি মেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে জনসাধারণ আরও সঠিক ও দ্রুত সেবা পেতে পারেন।
পড়ুন: মেহেরপুরে বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ, আহত ২০
দেখুন: পরীক্ষায় পাশের মিষ্টি দিয়ে নানা বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না চঞ্চলের
এস


