ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে চিহ্নিত করা হলেও, তিনি ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির সদস্যরা বেসামরিক সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালান। অভিযানকালে পলিয়ানপুর পূর্বপাড়া এলাকায় মো. আজিজুলের গোডাউনের সামনে পাকা রাস্তায় সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল চলতে দেখে তা থামাতে বলা হয়। এ সময় চালক মো. হামিদুল (৩৮), পিতা—মৃত আনচান আলী, গ্রাম—পলিয়ানপুর, ডাকঘর—জিন্নাহ নগর, থানা—মহেশপুর, জেলা—ঝিনাইদহ, মোটরসাইকেল ও কোমরে বাঁধা একটি কস্টেপ মোড়ানো পোটলা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

পরে মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজিবিএম-এর উপস্থিতিতে পোটলাটি খুলে সেখানে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ১ কেজি ১৭৭.৭১ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। উদ্ধার হওয়া মোটরসাইকেলসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, পলাতক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা স্বর্ণ আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়া হবে।


