বাংলা গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, যার জীবনের বড় অংশ জুড়ে রয়েছে সঙ্গীত। পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেন।
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে গতকাল শুক্রবার (৩০ মে) আসিফ আকবর তার ফেসবুক পোস্টে শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বর্তমান বিএনপি সম্পর্কে নিজের হতাশা ও সংশয়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, যে বিএনপিকে ভালোবেসেছেন, সেই দলটিকে আর খুঁজে পাচ্ছেন না।
তিনি লেখেন, স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধে জেড ফোর্সের নেতৃত্বদানকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রকৃত অর্থে বাংলাদেশের একমাত্র সত্যিকারের রাষ্ট্রনায়ক। স্বাধীনতা-পরবর্তী সময়ে রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জের মুখে তিনি বাংলাদেশকে পথ দেখিয়েছিলেন এবং অল্প সময়েই দেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার পথে এগিয়ে নেন।
আসিফ আকবর জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয়তাবাদের চিন্তাধারাকে আধুনিক বাংলাদেশের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি একসময় সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিল, কিন্তু বর্তমানে সেই আদর্শিক বিএনপিকে খুঁজে পাওয়া কঠিন।
তিনি আরও বলেন, জিয়া পরিবার নানা নির্যাতনের শিকার হলেও, দলটির কিছু সুবিধাভোগী নেতা জাতীয়তাবাদের নাম ব্যবহার করে স্বার্থ হাসিল করেছেন। সারাদেশে গুম, খুন, মামলা ও নির্যাতনের শিকার হওয়া তৃণমূল কর্মীরা আজ দল থেকে উপেক্ষিত হয়ে পড়েছেন।
শৈশব থেকেই শহীদ জিয়ার আদর্শের অনুসারী এবং বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দেওয়া আসিফ আকবর আজ সেই পুরনো বিএনপিকে ফিরে পেতে চান—যে দল শিল্পী, নারী, শিশু, যুবক এবং ক্রীড়া উন্নয়নে ভূমিকা রাখত।
পোস্টের শেষ অংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে রয়েছে, এবং তিনি শহীদ জিয়ার বিখ্যাত উক্তি—“ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”—এর বাস্তবায়ন দেখতে চান।
তিনি শ্রদ্ধা জানিয়ে লেখেন, “শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।”
এনএ/


