যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থন পেয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করে চলেছে। শুধু গাজা নয়, সিরিয়া, লেবানন ও ইয়েমেনেও তারা নিয়মিত আগ্রাসন চালাচ্ছে।
সর্বশেষ এই দেশটি ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে, যা এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান এবং দিন দিন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও তার পরম বন্ধু ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ।
তিনি ইসরায়েলের বর্তমান সরকারের কিছু অংশকে ‘অপরাধী’ এবং দেশটির রাষ্ট্রীয় নীতিকে ‘অপরাধমূলক’ বলে অভিহিত করেছেন। তার মতে, এমন একটি দেশের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র সেই নীতিকে সমর্থন দিচ্ছে।
বুধবার (১৮ জুন) ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিলানোভিচ বলেন, ইসরায়েলের সরকারে এমন কিছু ব্যক্তি আছেন যারা অপরাধী এবং তারা অপরাধমূলক পথ অনুসরণ করছেন। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইচ্ছেমতো কাজ করে যাচ্ছে, যার পেছনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। এই নীতির কোনো ইতিবাচক ফল নেই বলেও মন্তব্য করেন তিনি।
এনএ/


