রাঙামাটি জেলা শহরের এক রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে নারী কর্মীকে ‘কু-প্রস্তাব’ দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির পর সোমবার একটি কল রেকর্ডও ছড়িয়ে পড়ে। সোমবার (৩০ জুন) বিকালে অভিযুক্ত রেন্টুরেন্ট মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই নারী কর্মী।
জানা গেছে, অভিযুক্ত মো. সালাউদ্দিন জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থিত হোটেল কসমস এন্ড রুপটপ রেস্টুরেন্টের মালিক। একই সঙ্গে সালাউদ্দিনের জেলা প্রশাসকের পাশে ‘মায়ের দোয়া’ নামে একটি ফুলের দোকান ও নার্সারি রয়েছে।
রাঙামাটির কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে বাদী দাবি করেন, গত ২৫ এপ্রিল তিনি হোটেল কসমসে ওয়েটার হিসেবে ডিউটি করেন। হোটেল মালিক সালাউদ্দিন তাকে জানায় প্রতি মাসে বেতন হিসাবে তাকে ৫ হাজার টাকা দেয়া হবে এবং তিনি এই বেতনে চাকরি করবেন না বলে সালাউদ্দিনকে জানায়। পরদিন ২৬ এপ্রিল দুপুরে সালাউদ্দিন ওই নারীকে ফোন করে খারাপ প্রস্তাব দেয়। সালাউদ্দিনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় কল করে বিরক্ত করে আসছে। এ ধারাবাহিকতায় ২৯ জুন বিকালে ভুক্তভোগীকে কল দিয়ে ভয়ভীতি ও হুমকি দেয় সালাউদ্দিন।
রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন বলেন, এক নারী সালাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। এর আগে সামাজিকযোগাযোগ মাধ্যমে লেখালেখি করে মানহারি করা হচ্ছে; এমন অভিযোগে সালাউদ্দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আমরা ঘটনার সত্যতা যাচাই করছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
তবে অভিযোগ প্রসঙ্গে জানতে কল দিলেও রিসিভ করেননি অভিযুক্ত মো. সালাউদ্দিন। সেজন্য তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

