কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৮) নামে এক জাসদ কর্মীর মৃত্যু হয়েছে। হামলাকারী ওই ছাত্রদল নেতার নাম অনিক খান(২০)। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
সোমবার (৩০ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহে্র সামনে এ ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন একই এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তবে নিহতের পরিবারের সদস্যরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
এদিকে জমির উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থিতরা প্রতিপক্ষের বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের উপর হামলা চালায়। তাকে বেধড়ক মারধর করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হাসান ইমাম বলেন,নিহত ব্যাক্তির মাথায়,বুকে ও পায়ে আঘাতের চিহৃ রয়েছে।
নিহতের স্ত্রী জোৎস্না খাতুন বলেন, ভাইয়ের চিকিৎসার জন্য জমি বন্ধক রেখে টাকা আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাস্তায় আটকে অনিক আমার স্বামীকে হত্যা করেছে। তিনি বলেন,প্রায় দেড় বছর আগে কোন এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিল আমার স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই আজ তাকে হত্যা করেছে। এছাড়া জমির উদ্দিন কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল না বলেও দাবি করেন স্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদল নেতার এক স্বজন জানান,নিহতের লোকজন প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা ও ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙচুর করেছে।
কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় উপজেলা জাসদের সভাপতি আফতাব উদ্দিনের বরাত দিয়ে বলেন, ৫ আগষ্টের আগ পর্যন্ত জমির উদ্দিন জাসদের কর্মী ছিলেন। সংগঠনের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় তাকে আর দেখা যায়নি।
মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ মুঠোফোনে অনিককে ছাত্রদলের ইউনিয়ন সভাপতি স্বীকার করলেও আর কোন কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান,অনিকের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর গ্রাম থেকে বাড়ির সবাই পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
পড়ুন : কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে কোভিড, পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরি


