শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে আলোচনা সভা ও দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
৪ জুলাই শুক্রবার বেলা ১১টায় ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক শাহ্জাহান আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় কর্মশালায় উপজেলার তিনটি ইউনিয়ন হাতিবান্দা, মালিঝিকান্দা ও গৌরিপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
এসময় মাহমুদুল হক রুবেল বলেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়।” তিনি আরও বলেন, “একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মো. আব্দুর রশিদ, মো. ছাইদুল হক, মো. আব্দুল মান্নান হীরা, মো. আতাউর রহমান, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মুমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতীবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আক্রাম হোসেন প্রমুখ।
পড়ুন: দর্শনা কেরুর দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ, তদন্তে শিল্প মন্ত্রণালয়
দেখুন: সদরঘাটে আজও ঘরমুখো মানুষের ভিড়
ইম/


