নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সৈতদপুর পৌরসভার প্রশাসক মো: নুর-ই-আলম সিদ্দকী।
নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৮ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৯ কোটি ১২ লাখ ৯১ হাজার ৩৯৬ টাকা, রেইট (হার) ৮ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৪২০ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৬ কোটি ৫০ লাখ, পৌর সম্পত্তি থেকে আয় ৩ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা ও অন্যান্য খাত থেকে ২ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা।
এ ছাড়া সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি আয় ধরা হয়েছে এক কোটি ৫০ লাখ টাকা, বিশেষ অনুদান ২ কোটি টাকা, পৌর অফিস ভবন নির্মাণ ও সংস্কার ২ কোটি টাকা ধরা হয়েছে। পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে–পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, সম্মানীভাতা ১ কোটি ৩ লাখ, কনজারভেন্সি মঞ্জুরি ১১ কোটি ১৮ লাখ, সংস্থাপন খাতে ৩ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা, রাস্তারবাতিসহ আনুসাঙ্গিক খরচ ২ কোটি ৯০ লাখ, অফিসভবন, শিশুপার্ক, হাটবাজারের জমি ক্রয় এবং শহর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধন বাবদ ২ কোটি ৫০ লাখ ও নিজস্ব তহবিলে উন্নয়ন ২৫ লাখ টাকা।
বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। এ সময় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, শহর আমির শরফদ্দিন খানসহ বিএনপি ও জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর পৌরসভার কর্মচারী ও সৈয়দপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো: সুজন শাহ।
পড়ুন : সৈয়দপুরে গৃহকর্মীকে হত্যা করে প্রাথমিক শিক্ষিকার বাসায় চুরি


