সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এতে তিন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন মতে, স্থানীয় সময় আজ সোমবার (৪ এপ্রিল) রাতে এই ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একটি সমুদ্রে পড়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ এক বিবৃতিতে বলেছে, দেশের বিভিন্ন স্থানে যেসব শব্দ শোনা গেছে, সেগুলো মূলত আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিরোধের শব্দ।
এরপর ফুজাইরার মিডিয়া অফিস জানায়, ইরান থেকে চালানো এই ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় ‘বড় আগুন লেগেছে’। তবে ইরান এখনও এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে সংযুক্ত আরব আমিরাত জানায়, হরমুজ প্রণালীতে তাদের একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ আরও জানায়, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আদনক-সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসি’র।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

