গাজীপুরের কালিয়াকৈরে রাতের আধারে আল মামুন (৪৫) নামে এক কৃষকের বর্গা নেওয়া জমির সাড়ে ৬শ পেঁপে গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে একরকম পথে বসার উপক্রম ওই কৃষকের। এইসব পেঁপে গাছের চারাগুলোর দোষ ছিল কী? এমন প্রশ্ন সংশ্লিষ্টদের।
রোববার (২ মে) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আল মামুন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির তদন্তে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, এতো বড় জমির পেঁপে গাছ কাটার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা সেটিই তদন্ত করে দেখছি।
এর আগে, গতকাল শনিবার উপজেলার চাপাইর ইউনিয়নের কোটামণি গ্রামে দিনভর জমি পরিচর্যা শেষে সন্ধ্যায় বাড়ি চলে যান আল মামুন। রাত ১০টার দিকেও একবার জমিতে আসেন তিনি। ওইদিন দিবাগত রাতেই দুর্বৃত্তরা হানা দেয় জমিতে। কেটে ফেলে বাড়ন্ত সাড়ে ৬শ পেঁপে গাছ। রোববার সকালে জমিতে গিয়ে দেখতে পান, জমির সব চারা কেটে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপাইর ইউনিয়নের কোটামনি গ্রামের বাসিন্দা রহিজ মিয়ার কাছ থেকে দুই বিঘা জমি বর্গা নিয়ে পেঁপে চাষ করেন আল মামুন। এখানে তার ব্যয় হয় প্রায় ৩ লাখ টাকা। অল্প কিছুদিনের মধ্যেই গাছগুলোতে ফল ধরা শুরু করতো।
কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান জানান, ঘটনাটি শুনে আমাদের লোকজন সেখানে পাঠাই। এমনভাবে গাছগুলো কেটেছে, সেগুলো ফল ধরার উপক্রম নেই। ওই কৃষকের অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা তার জন্য প্রণোদনার ব্যবস্থা করব।
পড়ুন : নেতা আটক তাই থানা ঘেরাও


