ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপির ঐক্য নষ্ট করা যাবে না: মো. শাহজাহান

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। অনেকেই অনেক স্বপ্ন দেখছেন। কিন্তু কোনো ষড়যন্ত্র-চক্রান্তই কার্যকর হবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে সিপাহি-জনতা যেভাবে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এ দেশের ক্ষমতার দায়িত্বভার দিয়েছিলেন, ঠিক একইভাবে তাঁর সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এখনো ঐক্যবদ্ধ। সমস্ত জাতি ঐক্যবদ্ধ। অতএব কোনো ষড়যন্ত্র-চক্রান্ত কার্যকর হবে না।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ঐক্যের রাজনীতির পতাকা বেগম খালেদা জিয়া ধরে রেখেছিলেন। তিনি দীর্ঘকাল কখনো সরকারে থেকে, কখনো বিরোধী দলে থেকে আপসহীন লড়াই করেছেন, দেশ গড়ার লড়াই করেছেন। আজ তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। সেই ঐক্যের রাজনীতির পতাকা এখন তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতে।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, জিয়ার সৈনিকরা সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে তারেক রহমানের ঐক্যের পতাকা সমুন্নত রাখবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে জিয়াউর রহমানের বিপ্লব ও সংহতির চেতনায় কাজ করতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ে ঈশানবালা চর পরিদর্শনে বিডা চেয়ারম্যান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন