গেলো বছরের তুলনায় এবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ বেড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। অর্থের হিসেবে এবার এই মন্ত্রণালয়কে দেয়া হচ্ছে ২ হাজার ৪২৩ কোটি টাকা। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৮৪২ কোটি টাকা বেশি। গত অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিলো ২ হাজার ২৮১ কোটি টাকা। আর সংশোধিত হিসেবে ১৫শ ৮১ কোটি টাকা।
চলতি বছরের বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ৯৮৩ কোটি আর উন্নয়ন খাতে খরচ ধরা হয়েছে ১ হাজার ৪৪০ কোটি টাকা। যেখানে বিশেষ ব্যয় রাখা হয়েছে বিকেএসপির জন্য। যদিও মোট বাজেটের তুলনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দকৃত বাজেট, দশমিক ৩১ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের বরাদ্দ ছিলো মাত্র ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা। আর পরিচালন খাতে ছিলো ৯৫২ কোটি ৮৩ লাখ টাকা।
তুন অর্থবছরে মন্ত্রণালয়ের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছ। এর মধ্যে রয়েছে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্ব)। এছাড়া নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের উন্নয়ন রয়েছে।
নতুন অর্থবছরে মন্ত্রণালয়ের আওতায় আরও যেসব গুরুত্বপূর্ণ বাস্তবায়নের কথা বলা হয়েছে তা হলো- ইনডোর ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ, বিকেএসপির প্রশিক্ষণ সুবিধা আধুনিকায়ন, যুব উন্নয়ন অধিদপ্তরের আইটি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি (৬৪ জেলায়)।
আরও রয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে ৪৮ জেলায় কর্মসংস্থান, প্রযুক্তিনির্ভর ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস’ প্রকল্প, কক্সবাজারে নারী ও যুবকদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রকল্প, নিট যুবদের জন্য ‘ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রিজিলিয়েন্স’ প্রকল্প এবং ‘লাইফ স্কিলড এডুকেশন ইন ইয়ুথ ট্রেনিং সেন্টার’ প্রকল্প।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

