নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারের সময় বিভিন্ন প্রজাতির ১৩টি কচ্ছপ উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত সাবের মারমা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
প্রশাসন সূত্রে জানা যায়, খাগড়াছড়ির মহলছড়ি উপজেলার বাসিন্দা সাবের মারমা কচ্ছপগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন। এ সময় তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধারকৃত কচ্ছপগুলো পরবর্তীতে বৈদ্যেরবাজার এলাকায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, বন্যপ্রাণী পাচার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে
দেখুন: সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক
ইমি/


