বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে কটুক্তি এবং দলীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।
এ ঘটনায় সোমবার দুপুরে বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজন সংবাদ সম্মেলন করা হয়।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনার পর জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রয়াত মওদুদ আহমদ ও কেন্দ্রীয় নেতা বজলুল করিম আবেদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাঁদের দাবি, জামায়াত ও এনসিপির ইন্ধনেই এসব বক্তব্য দেওয়া হয়েছে।
নেতারা আরও অভিযোগ করেন, ফখরুল ইসলাম ঢাকায় দখল বাণিজ্যে জড়িয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি জামায়াতের মালিকানাধীন একটি বীমা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন এবং এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন। অথচ তিনি উল্টো উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে দখলবাণিজ্যের অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে ওই তোতা হত্যা মামলায় বিএনপির নিরীহ কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার প্রতিবাদও জানান তারা এবং ফখরুল ইসলামের হুমকি ও দলীয় নেতাদের ওপর নির্যাতনের নিন্দা জানান।
অভিযোগের বিষয়ে জানতে ফখরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এ প্রসঙ্গে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে। তবে সংবাদ সম্মেলন ডেকে দলীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আনা সমীচীন নয়। এসব বিষয় দলীয় ফোরামে আলোচনা করলেই সমাধান সম্ভব।
পড়ুন: দিনাজপুরে পৈত্রিক সম্পত্তি নিজ জিম্মায় ফেরত পেতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর আবেদন
দেখুন: মাদারীপুরে ভোক্তা অভিযান: ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা |
ইম/


