বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের আরাজি গরগতগাঁও এলাকায় জিংকসমৃদ্ধ উচ্চফলনশীল ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস ও আলোচনা সভা করা হয়েছে। পুষ্টিগুণে সমৃদ্ধ এবং কম খরচে অধিক ফলন পাওয়ার সম্ভাবনায় নতুন এই ধানের জাত নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI)-এর হারভেস্টপ্লাস প্রোগ্রামের “রিয়েক্টস-ইন (REACTS-IN)” প্রকল্পের উদ্যোগে স্থানীয় কৃষক খায়রুল ইসলামের বাড়ির উঠানে এ মাঠ দিবস ও আলোচনা সভা করা হয়। এতে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহিনুল কবির, ইএসডিও ও রিয়েক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং মো. আবু তালহা শিশির।

আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রি ধান-১০২ শুধু উচ্চফলনশীল ধানই নয়, এটি পুষ্টিগুণেও অত্যন্ত সমৃদ্ধ। বিশেষ করে এতে বিদ্যমান জিংক শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী নারীদের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে কম পানি, কম সার এবং কম পরিচর্যায় ভালো ফলন পাওয়ায় এই ধান কৃষকদের জন্য লাভজনক হয়ে উঠতে পারে।

কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে ধানটির উৎপাদন কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, পরিচর্যা ও বীজ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে কৃষকদের হাতে-কলমে পরামর্শ দেন।

স্থানীয় কৃষকরা জানান, বর্তমান সময়ে উৎপাদন খরচ বাড়লেও ব্রি ধান-১০২ তুলনামূলক কম খরচে ভালো ফলন দিচ্ছে। পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন। ভবিষ্যতে আরও বেশি জমিতে এই ধান চাষের আগ্রহ প্রকাশ করেন অনেক কৃষক।

আয়োজকরা জানান, কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ম্যাকগিল বিশ্ববিদ্যালয় এবং হারভেস্টপ্লাস-এর যৌথ উদ্যোগে “রিয়েক্টস-ইন” প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে প্রকল্পটি পরিচালনা করছে আরডিআরএস ও ইএসডিও।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে হারভেস্টপ্লাস জিংকসমৃদ্ধ ধান, গম ও মসুর ডালসহ বিভিন্ন বায়োফর্টিফাইড খাদ্যশস্য উন্নয়নে কাজ করছে। এসব খাদ্যশস্য শুধু খাদ্যনিরাপত্তাই নয়, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের নিয়ে আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন