জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গৌরবময় ইতিহাসে প্রথমবারের মতো প্রবর্তিত ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড (২০২৩–২০২৪)’ অর্জন করেছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক।
“Implementing and sustaining lean, buyer-supplier role, and COVID-19 pandemic: insights from the garment industry of Bangladesh” শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য বিজনেস স্টাডিজ অনুষদ থেকে তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গবেষণার মান, সমসাময়িক প্রাসঙ্গিকতা এবং শিল্পখাতে এর বাস্তব প্রয়োগযোগ্যতার বিষয়গুলো বিবেচনায় এনে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে লিন ব্যবস্থাপনা, ক্রেতা-সরবরাহকারী সম্পর্ক এবং করোনা মহামারির প্রভাব নিয়ে তাঁর গবেষণা নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে।
ড. ইমরানুল হকের এ অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা অঙ্গনের জন্য একটি অনুপ্রেরণাদায়ী মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ গবেষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে বলেও মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে মার্কেটিং বিভাগের বিজনেস ক্লাবের পক্ষ থেকে অধ্যাপক ড. ইমরানুল হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ক্লাবের সদস্যরা তাঁর গবেষণা কার্যক্রমের ধারাবাহিক সাফল্য কামনা।
পড়ুন- অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী


