বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেছেন, কৃষক ফসল উৎপাদন করে লাভবান না হলে তারা কৃষিকাজে আগ্রহ হারাবে। কৃষকদের আগ্রহ কমে গেলে দেশে খাদ্যসংকট দেখা দিতে পারে এবং চিনি-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য বিদেশের ওপর নির্ভরশীলতা বাড়বে। তাই কৃষকদের উৎপাদনে উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৮ মে) বিকেলে জামালপুরের ইসলামপুর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, সরকার ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
তিনি বলেন, সরকারের বিভিন্ন কার্ডভিত্তিক প্রকল্প নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে সময়ের সঙ্গে এসব উদ্যোগের সুফল দেশবাসী ভোগ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক এবং ‘ওরা ১১ জন স্মৃতি পরিষদ’-এর সভাপতি শিক্ষানুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘কবিতার নতুন নন্দন’ শীর্ষক বক্তৃতা ও ‘Sphaira’ জার্নালের মোড়ক উন্মোচন


