জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং চরাঞ্চলের মানুষের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের চরাঞ্চলে এক ব্যতিক্রমী জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ভাঙনকবলিত ‘প্রথম আলো চরে’ এই কর্মসূচির আয়োজন করা হয়।
৩৫০ ডট বাংলাদেশ ও সিরা-এর সহযোগিতায় এবং ইয়ুথ ফর এনডিসি অংশীদারিত্বে জাস্টিস ফর চর অ্যান্ড লোকাল রিসার্চের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
এতে চরাঞ্চলের শতাধিক স্থানীয় চরবাসী, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ জলবায়ু কর্মীরা অংশ নেন।
ভাঙনের হুমকিতে থাকা প্রথম আলো চরের তীর দাঁড়িয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে জলবায়ু সুবিচার এবং চরে টেকসই উন্নয়নের দাবি জানান।
ধর্মঘটে অংশ নেয়া শাহিন ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে আমাদের চরাঞ্চলের মানুষের জীবনে।
প্রতি বছর বন্যা, নদীভাঙন ও অনিশ্চিত আবহাওয়ার কারণে আমাদের হাজারো পরিবার ঘরবাড়ি ও জীবিকা হারাতে হচ্ছে।
অংশগ্রহণকারী তাদের বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ, শিক্ষা ও বাসযোগ্য পৃথিবীর দাবি এবং বর্তমান বিশ্বের জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন ব্যবস্থার কঠোর সমালোচনা করেন।
জাষ্টিস ফর চর এন্ড লোকাল রিসার্চের সহসমন্বয়ক জিনিয়া জিম বলেন তেল, গ্যাস ও কয়লার অতিরিক্ত ব্যবহার বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে তুলছে এবং এর সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে সবচেয়ে কম দায়ী কিন্তু চরাঞ্চলের মানুষ।কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির শিকার তারাই হচ্ছে। আমাদের লস এন্ড ড্যামেজ ফাইন্যান্স অতি জরুরি।
জলবায়ু সংকট মোকাবিলায় শুধু আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তবভিত্তিক ও ন্যায়ভিত্তিক পদক্ষেপ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, নদীভাঙন রোধে কার্যকর পরিকল্পনা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং চরাঞ্চলের মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এখন সময়ের দাবি।
ইয়ুথ ফর এনডিসির এক্সটারনাল কমিউনিকেশন ম্যানেজার ফাহিমা নূর জেরিন বলেন,এবারের ক্লাইমেট স্ট্রাইকটি ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে হয়েছে যেখানে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে প্রবীণ মানুষ পর্যন্ত সবাই একসাথে সংহতি প্রকাশ করে জলবায়ু ন্যায়ের দাবিতে নিজেদের কণ্ঠ উঁচু করেছেন। সকলের দাবি একটাই, একটি বাসযোগ্য সুন্দর ভবিষ্যত।
চরাঞ্চলের মানুষের অভিজ্ঞতা, জ্ঞান ও বাস্তবতাকে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত না করলে টেকসই জলবায়ু সমাধান সম্ভব নয় এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে আজকের এই ধর্মঘটে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

