বিজ্ঞাপন

যশোরে ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তি প্রদান

ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) যশোর জেলা শাখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামের ভিআইপি লাউঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটি যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদের গড়ে তুলতে হবে। ইসলামিক এডুকেশন সোসাইটি দীর্ঘদিন ধরে সেই কাজটিই করে যাচ্ছে। এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের আগামীর পথচলায় বড় অনুপ্রেরণা।”

ইসলামিক এডুকেশন সোসাইটি যশোর জেলা শাখার অনারারী ইন্সপেক্টর অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহের কালীগঞ্জ মাহাতাবউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান, যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম এবং বাঘারপাড়া উপজেলার একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান বিশ্বাস।

এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ ফারুক হোসেন, হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম ও আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এবছর যশোর জেলার ৮টি উপজেলার ৭০টি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে কয়েক হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টপুলে ৫ জন, সাধারণ গ্রেডে ১৫ জন ও বিশেষ কোটায় ৬ জনসহ মোট ২৬ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ক্রেস্ট, সনদপত্র, বই, ক্যালেন্ডার ও নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সুলুয়া আদর্শ কলেজের অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন